
শেষ আপডেট: 27 October 2023 21:00
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলের স্টোরেজ এখনকার দিনে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমরা অধিকাংশই মোবাইল নির্ভর। মোবাইলেই টিভি, সিনেমা দেখা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মিটিং, অনলাইন ক্লাস ইত্যাদি সেরে থাকি। প্রয়োজনে অনেক ফাইল ডাউনলোড করতে হয়। নতুন মোবাইলেরও কয়েকদিন পর স্টোরেজ ফুল হয়ে যায়। গ্রাহকরা এখন মোবাইল কেনার আগে তার স্টোরেজ কত সেটাই দেখেন। কিন্তু সেটাও পর্যাপ্ত হচ্ছে না।
বিভিন্ন অ্যাপ ডাউনলোড, পরে আপডেট করা ইত্যাদি কারণে মোবাইলের স্টোরেজ ভর্তি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে স্টোরেজ বাঁচানো সম্ভব। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে স্টোরেজ খালি করতে পারেন আপনি। নয়তো কোনও থার্ড পার্টি অনলাইন ক্লাউডে নিজের ডেটা স্টোর করতে পারেন। এক্ষেত্রে আপনাকে গাঁটের পয়সা খরচ করতে হবে। কারণ ওই ক্লাউড স্পেস কিনতে হবে আপনাকে। তবে স্যামসাং তার গ্রাহকদের জন্য নতুন পরিষেবার কথা ঘোষণা করেছে। যাতে আপনি বিনামূল্যে আপনার গুরুত্বপূর্ণ তথ্য স্টোর করে রাখতে পারবেন!
স্যামসাং তার গ্রাহকদের জন্য নিয়ে আসতে চলেছে Temporary Cloud Backup। খুব শিগগিরই বিশ্বজুড়ে এই পরিষেবা চালু করে দেবে স্যামসাং। এটি একটি অস্থায়ী ব্যাকআপ ক্লাউড। আপনি এখানে ১০০ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। আপনার গুরুত্বপূর্ণ তথ্য এই ক্লাউড সিস্টেমে ৩০ দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন।
আপনি যে কোনও গুরুত্বপূর্ণ ফাইল ৩০ দিন ওই ক্লাউডে রাখতে পারবেন। ৩০ দিন শেষ হওয়ার আগেই আপনি একটি ওয়ার্নিং অ্যালার্ট পাবেন। আপনার যদি মনে হয় ওই সংশ্লিষ্ট ফাইলটির প্রয়োজন আছে ভবিষ্যতে, তবে আপনি সেটা অন্য কোথাও স্থানান্তরিত করতে পারবেন। ৩০ দিন পর আপনাআপনি ওই ফাইল ক্লাউড থেকে মুছে যাবে।
অস্থায়ী ক্লাউড ব্যাকআপ ব্যবহার করার প্রক্রিয়াটি ভীষণ সহজ। ব্যবহারকারীরা সহজেই একটি স্যামসাং ডিভাইস থেকে ক্লাউডে তাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলি আপলোড করতে পারেন এবং অন্য ডিভাইস বা একই ডিভাইস থেকে সেগুলি অ্যাক্সেসও করতে পারেন। আপনি অন্য কোনও স্যামসাং ডিভাইস থেকে তথ্য নিজের স্যামসাং ডিভাইসে স্থানান্তরিত করতে পারবেন। তবে তার আগে দুই ডিভাইসেরই প্রয়োজন 'টু স্টেপ ভেরিফিকেশন'।