
শেষ আপডেট: 11 November 2023 00:09
দ্য ওয়াল ব্যুরো: ফোনের ওপারের ব্যক্তি কী বলছেন, তার এক বর্ণও আপনি বুঝতে পারছেন না। কারণ হয়তো তিনি যে ভাষায় কথা বলছেন, তা আপনার জানা নেই। এমন অবস্থায় দুই পক্ষের কথা চালানো অসম্ভব! কিন্তু এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল স্যামসাং।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এখন অসম্ভব প্রায় কিছুই নয়। বিভিন্ন সংস্থা নিজের মতো করে এই এআই প্রযুক্তিকে ব্যবহার করেছে। স্যামসাং প্রায়ই তাদের এআই সিস্টেমে নানান বদল এনে চমক দিচ্ছে। সেই তালিকায় এবার এআই লাইভ ট্রান্সলেট কল!
স্যামসাং গ্যালাক্সি এআই, যেসব বৈশিষ্ট্য এনেছে তার মধ্যে অন্যতম এআই লাইভ ট্রান্সলেট কল। যা পার্সোনাল ট্রান্সলেটরের মাধ্যমে কল চলাকালীন অপরপক্ষের কথা অনুবাদ করতে পারে। এর জন্য কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
শুধু অডিও অনুবাদ নয়, টেক্সট অনুবাদও করা সম্ভব স্যামসাংয়ের এই নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে। ধরুন ফোনের ওপারে কেউ ইংরেজি ভাষায় কথা বলছেন, কিন্তু স্যামসাং এআই তা অডিও বা টেক্সটের আকারে মাতৃভাষায় অনুবাদ করে সমস্যার সমাধান করে দেবে!
কবে এই ফিচার্স লঞ্চ করবে? বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামী বছর শুরুর দিকেই লঞ্চ হবে গ্যালাক্সি এআই। সম্ভবত, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের স্মার্টফোনগুলিতে মিলবে এই ফিচার্স।
স্যামসাং একমাত্র সংস্থা যারা এআই-চালিত স্মার্টফোনের ওপর কাজ করছে। গ্যালাক্সি এআই, অনেক জটিল সমস্যার সমাধান সহজ করে দেবে এবং ভাষার বেড়াজাল ভাঙতে অন্যতম ভূমিকা নেবে, এমনই দাবি দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটির।