.jpeg)
ফাইল ছবি
শেষ আপডেট: 14 February 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: এবার হটস্টারের সঙ্গে জুড়ল জিও। নাম থেকে বাদ গেল ডিসনি। পুরনো ওটিটি প্ল্যাটফর্মের নতুন পরিচয় 'জিওহটস্টার' (JioHotstar)। নতুনভাবে পথচলা শুরু তাই আপাতত বিনামূল্যে বিভিন্ন কন্টেন্ট দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
গত বছর শেষের দিক থেকেই জল্পনা চলছিল হটস্টারের সঙ্গে জিও-র জুড়ে যাওয়ার বিষয়টি নিয়ে। পরে জানা যায়, খুব শীঘ্রই এই বদল হবে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই চমকে যান ব্যবহারকারীরা। পাল্টে যায় হটস্টার। লোগোতেও এসেছে পরিবর্তন। নীল লোগো হয়ে গিয়েছে পিঙ্ক রঙের, সঙ্গে হালকা নীল আভা রয়েছে। মাঝে একটা স্টার। নেই ডিসনির কোনও চিহ্ন।
জিও সিনেমা হটস্টারের সঙ্গে জুড়ে যাওয়ায় প্ল্যাটফর্মটিতে সিনেমা, ওয়েব সিরিজ, আন্তর্জাতিক স্টুডিওগুলির কনটেন্ট এবং লাইভ স্পোর্টস সম্প্রচার হবে। গ্রাহকরা কোনও সাবস্ক্রিপশন ছাড়াই এই প্ল্যাটফর্মের শো, সিনেমা ও লাইভ স্পোর্টস উপভোগ করতে পারবেন। তবে কিছু কনটেন্ট নির্দিষ্টভাবে সাবস্ক্রিপশন ছাড়া দেখা যাবে না। তা কোনগুলো, সেবিষয়ে জানা যায়নি। সংস্থা জানিয়েছে, যেসব ব্যবহারকারী উন্নতমানের অভিজ্ঞতা ও বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং উপভোগ করতে চান, তাদের জন্য পেইড সাবস্ক্রিপশন প্ল্যান থাকবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, যাদের আগে থেকে হটস্টারে সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, তারা সরাসরি এই প্ল্যাটফর্মে স্থানান্তর হবেন। এক্ষেত্রে প্রথমবার লগইন করলেই নতুন প্ল্যাটফর্ম সেট আপ করতে পারবেন। নতুন ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান ১৪৯ টাকা থেকে শুরু হবে।
এই প্ল্যাটফর্মে আপাতত ১০টি ভারতীয় ভাষায় কনটেন্ট দেখা যাবে। মিলবে সিনেমা, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি ও লাইভ স্পোর্টসের পাশাপাশি আন্তর্জাতিক প্রিমিয়ারও দেখার সুবিধাও। দেখা যাবে ডিসনি, এনবিসি ইউনিভার্সাল পিকক, ওয়ার্নার ব্রাদার, ডিসকভারি এইচবিও এবং প্যারামাউন্ট-এর মতো বিখ্যাত স্টুডিওর কন্টেন্ট।
জিওর তরফে দাবি করা হচ্ছে, জিও সিনেমার সঙ্গে হটস্টার জুড়ে যাওয়ায় এই প্ল্যাটফর্মে মিলিত ইউসারের সংখ্যা বর্তমানে ৫০ কোটিরও বেশি।
এই নতুন প্ল্যাটফর্মের আসায় ভারতীয় স্ট্রিমিং ইন্ডাস্ট্রিতে বড় রদবদল হতে পারে। বিনোদন ও স্পোর্টসপ্রেমীদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে আশাবাদী সংস্থা।