
সার্জেই ব্রিন (ছবি- গুগল)
শেষ আপডেট: 3 March 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহে অন্তত ৬০ ঘণ্টা অফিস থেকে কাজ করতে হবে কর্মীদের। জানিয়ে দিলেন গুগলের (Google) সহ-প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিন। কাজের দিনগুলোতে অন্তত সকলকে অফিসে থাকার আবেদন জানিয়েছেন তিনি। ওপেন এআই, মেটা, ইলন মাস্কের এক্সএআই, ডিপসিকের মতো সংস্থাগুলি যেভাবে গুগলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তাতে বাজারে টিকে থাকতে এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিন ২৬ ফেব্রুয়ারি এক অভ্যন্তরীণ মিটিংয়ে জানিয়েছেন, এখন এজিআই (Artificial General Intelligence)-র দৌড় শুরু হয়ে গেছে। আমাদের কাছে জেতার মতো সবকিছু রয়েছে শুধু আমাদের প্রচেষ্টা বাড়াতে হবে।
তিনি ওই মিটিংয়ে প্রতিযোগী হিসেবে ওপেন এআই, মেটা, ইলন মাস্কের এক্সএআই, ডিপসিকের কথাও উল্লেখ করেন।
সহ-প্রতিষ্ঠাতার ওই নির্দেশের পর চিন্তায় গুগলের কর্মীরা। যেহেতু তাঁরা সপ্তাহে পাঁচদিন কাজ করেন। তাই সপ্তাহে ৬০ ঘণ্টা কাজ করতে হলে দিনে অন্তত ১২ ঘণ্টা খাটতেই হবে সকলকে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে চ্যাটজিটিপি চালুর পর কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। গুগল, যেটি AI গবেষণার পথিকৃৎ হিসেবে পরিচিত, পুনরায় সেই জায়গা ধরে রাখতে চাইছে। তবে ব্রিনের এই বার্তা গুগলের অফিসে ফেরার আনুষ্ঠানিক নীতিতে কোনও পরিবর্তন আনছে না। গুগলের নিয়ম অনুযায়ী, কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে যেতে হয়।
সার্জেই ব্রিন ২০১৯ সাল থেকে গুগলের বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন এবং এআইকে এগিয়ে নিয়ে যেতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।