
শেষ আপডেট: 9 December 2023 18:26
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রায়ই নতুন কিছু না কিছু তৈরি করছে গুগল। যেসব ক্ষেত্র ব্যবহারকারীরা বেশি ব্যবহার করেন যেমন জিমেল সেইসব ক্ষেত্রে এআই-কে কাজে লাগিয়ে আরও সুরক্ষিত করার চেষ্টা করছে গুগল। তেমনই এবার স্প্যাম থেকে মুক্তি পেতে গুগল নতুন ফিচার আনতে চলেছে!
জানা যাচ্ছে, গুগল শিগগির 'RETVec' নামক একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচার এসে গেলে জিমেল ব্যবহারকারীরা সহজেই মুক্তি পাবেন স্প্যাম যন্ত্রণা থেকে, এমনই দাবি গুগলের। সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন ফিচারটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ফিচারের সাহায্যে গুগল নিজেই যাবতীয় 'ভুয়ো' ইমেল শনাক্ত করে ব্লক করে দেবে।
ব্যবহারকারীদের জিমেল ইনবক্স যাতে বেশি সুরক্ষিত থাকে, সেটাই মাথায় রেখে 'RETVec' নামক ফিচারটি আনা হয়েছে। স্প্যাম মেল শনাক্ত করে ব্লক করলে গুগল ড্রাইভের স্টোরেজও বাড়বে। ব্যবহারকারীদের সুবিধার্থে ভাষার বাধ্যবাধকতাও দূর করা হচ্ছে। অর্থাৎ ব্যবহারকারীরা নিজের পছন্দের ভাষায় এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।
আরও কী কী সুবিধা করবে 'RETVec'? জানা যাচ্ছে, জিমেল ইনবক্সে জমে থাকা ম্যালিসিয়াস মেলও শণাক্ত করবে নতুন ফিচারটি। এই সব মেল ইনবক্সে থাকা খুবই বিপজ্জনক। ভুলবশত লিঙ্কে ক্লিক করে ফেললেই খোয়া যেতে পারে টাকা। তাই প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে নতুন ফিচার কাজে দেবে। তবে অবশ্যই গুগলের সর্বশেষ ভার্সন থাকতে হবে আপনার ডিভাইসে।