Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউরো, আল হাবিবি! ইউরোপের ফুটবল-যুদ্ধ আসলে সৌদি আরবের লিগের কাছেও অগ্নিপরীক্ষা

এবারের ইউরোতে সৌদি প্রো লিগে খেলা মোট ১৪ জন ফুটবলার আছেন। যাদের মধ্যে অগ্রগণ্য অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু বাকিদের কাছেও এবারের ইউরোর মঞ্চ তাঁদের নিজেদের প্রমাণ করার পরীক্ষা।

ইউরো, আল হাবিবি! ইউরোপের ফুটবল-যুদ্ধ আসলে সৌদি আরবের লিগের কাছেও অগ্নিপরীক্ষা

আল নাসেরের হয়ে প্রথম সৌদি লিগে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শেষ আপডেট: 24 June 2024 20:48

দ্য ওয়াল ব্যুরো: এককালে যা ভাবাই যেত না, এখন সেটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু তাও, লোকের সেসব মানতে অসুবিধে হচ্ছে। স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে যেমন যা বলার সরাসরিই বলে দিলেন। তাঁর সাফ কথা, ইউরোপের লোকজনের সৌদি প্রো লিগের প্রতি একটা অস্বস্তি আছে। সে যতই সৌদি লিগে খেলা এনগোলো কন্তে ইউরোতে ফ্রান্সের পর পর দুই ম্যাচে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হ'ন না কেন! 

সৌদি লিগের 'মান' কেমন? এবারের ইউরো যেন সেই প্রশ্নের উত্তর লেখারও খাতা। 

মাত্র বছরখানেক হল, ফুটবলে সৌদি-বিপ্লব ঘটে গিয়েছে। সৌদি রাজপরিবারের অধীনে থাকা সার্বভৌম ধনভাণ্ডার 'পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড'-এর বিপুল বিনিয়োগে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ রাষ্ট্রের ফুটবলের ছবিটা রাতারাতি বদলে গিয়েছে। মধ্যপ্রাচ্যের অন্দরে যা খবর, সৌদি ধনভাণ্ডারের যা ক্ষমতা রয়েছে, তাতে 'আকাশ ছুঁয়ে ফেলা' উপমাটাকে ধরলে, সৌদির চারটি ক্লাব, আল হিলাল, আল ইত্তেহাদ, আল নাসের ও আল আহলির বাজেট মোটামুটি আয়নোস্ফিয়ার ছাড়িয়ে উপরে উঠে গিয়েছে। একেবারে আঁটঘাট বেঁধেই এগিয়েছিলেন সৌদি প্রশাসনের কর্তারা। শুরুতেই তাঁদের পাখির চোখ ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাহাড়প্রমাণ অঙ্কে তাঁকে সই করায় আল হিলাল। সারা পৃথিবীর নজর ঘুরে যায় সৌদি লিগের দিকে। তারপর একে একে সৌদি লিগে আসেন নেইমার, করিম বেঞ্জেমা, রবের্তো ফিরমিনো, সাদিও মানে, জর্ডান হেন্ডারসেনের মত তারকারা। এই জনপ্রিয়তায় ভর করে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আদায় করে নেয় সৌদি আরব। 

লাপোর্তে নিজে খেলেন রোনাল্ডোর ক্লাব আল নাসেরে। তাঁর সঙ্গে খেলেন পর্তুগালের ওটাভিও, ক্রোয়েশিয়ার মারসেলো ব্রোজোভিচ, সেনেগালের সাদিও মানে। কোচের দায়িত্বেও আছেন পর্তুগিজ লুই কাস্ত্রো। কিন্তু এই বছরের জানুয়ারিতে লাপোর্তে বলেছিলেন, রাতারাতি সৌদি লিগে চলে আসা ইউরোপের অনেকেই নাকি আদৌ খুশি নন। জর্ডন হেন্ডারসেন যেমন মাত্র ছয় মাস আল ইত্তেফাকে থেকেই চলে গিয়েছেন নেদারল্যান্ডসে। যোগ দিয়েছেন আয়াখসে। প্রায় বিস্ফোরক মন্তব্য করে লাপোর্তে বলেন, 'এখানে পরিবেশ তেমন ভাল নয়। রিয়াধে থাকাটাও ইউরোপের চাইতে অসুবিধের। ওরা হয়ত আমাদের অনেক টাকা দেয়। কিন্তু আমাদের সুবিধে অসুবিধে নিয়ে কেউ তেমন ভাবিত নয়।' 

এবারের ইউরোতে সৌদি প্রো লিগে খেলা মোট ১৪ জন ফুটবলার আছেন। যাদের মধ্যে অগ্রগণ্য অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বয়স ৩৯। অবশ্যই এই বয়সে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের তরুণ রোনাল্ডোকে আশা করা ঠিক নয়। ক্ষিপ্রতা, গতি সবেতেই খানিক ধার কমেছে সিআর সেভেনের। তাঁর চেয়ে বেশি বয়সের পেপে যেখানে মাঠের এপ্রান্ত-ওপ্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন, সেখানে রোনাল্ডোকে ম্যাচের একটা বড় সময় সেই অর্থে 'মুভ' করতে দেখা যাচ্ছে না। সেদিক দিয়ে অনেকটাই ভাল জায়গায় রয়েছেন ৩৩ বছরের কন্তে। রেকর্ড অর্থে তাঁকে সই করিয়েছে আল ইত্তিহাদ। সৌদি প্রো লিগের শেষ মরসুমে অবশ্য পাঁচ নম্বরে শেষ করেছে ইত্তিহাদ। চ্যাম্পিয়ন আল হিলালের চাইতে ৪২ পয়েন্ট পিছনে থেকেছে তারা। একেবারেই নজর কাড়তে পারেননি কন্তে। সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন ইউরোতে। 

নেদারল্যান্ডসের জর্জিনিও ভিজনালদুমকে নিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিফাক। পর্তুগালের রুবেন নেভেস আছেন এবারের সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন ক্লাব আল হিলালে। তাঁর সঙ্গে আছেন সার্বিয়ার সের্গেই মিলিনকোভিচ সাভিচ ও আলেকজান্ডার মিত্রোভিচ। পরিসংখ্যান বলছে, ইউরোতে নিজের দেশের বাইরের লিগে খেলা ফুটবলারের হিসেবে, সৌদি লিগ এই মুহূর্তে ছয় নম্বরে আছে। ওই মাপকাঠিতে ইউরোপের ডাচ লিগ এরেডেভিসি বা পর্তুগালের ঘরোয়া লিগের চাইতেও সৌদি লিগের ফুটবলারের সংখ্যা বেশি। 

এমনিতে ইউরোপে তথা ফুটবলদুনিয়ায় সৌদি লিগে খেলা নিয়ে কয়েকটা ধ্যানধারণা আছে। সেগুলো পুরোপুরি ভুলও নয়। যেমন, সৌদি লিগে সাধারণত কেরিয়ারের শেষ জায়গায় থাকা ফুটবলাররাই যান। সৌদি লিগ মানের দিক দিয়ে ততটা ভাল নয়। স্রেফ বিপুল টাকা ছাড়া তাদের আর কিছু প্রস্তাব দেওয়ার নেই। সৌদি ফুটবলের কর্তারা যে ধ্যানধারণাগুলো পাল্টাতে মরিয়া। সূত্রের খবর, পরের মরসুমের জন্য বেশ কিছু নতুন প্রতিভাকেও সৌদিতে নিয়ে আসতে চেষ্টা চালাবে ক্লাবগুলো। প্রশ্নগুলো ফুটবলারদের জন্যও রয়েছে। আপাতত তাই ইউরোয় খেলা ফুটবলাররা অনেকেই নিজেদের সিদ্ধান্তের সপক্ষে প্রমাণ দাঁড় করাতেও ভাল খেলতে মরিয়া। সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যে তাঁরা ভুল করেননি এবং সৌদি লিগে যে সত্যিই ভাল ফুটবল খেলা হয়, সেটাই আপাতত তুলে ধরা তাঁদের লক্ষ্য। 


```