চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ মহারণ! সান্তিয়াগো বের্নাবিউয়ে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ ‘ক্লাসিক’ দ্বৈরথ। অন্যদিকে লিসবনে আর্সেনালের কঠিন পরীক্ষা। দুই ম্যাচের রেকর্ড ও সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত পড়ুন।

ছবি: গুগল
শেষ আপডেট: 7 April 2026 15:03
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপিয়ান ফুটবলের মঞ্চে আবার সেই চিরচেনা উত্তেজনা। একদিকে সান্তিয়াগো বের্নাবিউয়ে (Santiago Bernabeu) মহারণ—রিয়াল মাদ্রিদ (Real Madrid) বনাম বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। অন্যদিকে লিসবনে (Lisbon) কঠিন পরীক্ষা আর্সেনালের (Arsenal)। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই জমে উঠেছে বড় প্রশ্ন—কারা উঠবে শেষ চারে?
রিয়াল বনাম বায়ার্ন—চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ইতিহাসে সবচেয়ে বেশি আয়োজিত লড়াই। এ বার ২৯তম সাক্ষাৎ। হেড-টু-হেডে এগিয়ে রিয়াল—১৩ জয়, বায়ার্নের ১১, ড্র ৪। আরও বড় তথ্য—শেষ চারটি নকআউট টাইয়ে জিতেছে স্পেনীয় ক্লাব। ঘরের মাঠে জার্মান দলের বিরুদ্ধে প্রায় অপ্রতিরোধ্য। অর্থাৎ, ইতিহাস স্পষ্টত রিয়ালের পক্ষে। কিন্তু বর্তমান ফর্ম? সেটাই আসল প্রশ্ন।
এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) বনাম হ্যারি কেন (Harry Kane)। চ্যাম্পিয়ন্স লিগে গোলের তালিকায় দু’জনই শীর্ষে। লিগেও একই ছবি। তবে ফিটনেস নিয়ে সামান্য সংশয় আছে। এমবাপে খেলেছেন শেষ ম্যাচে, কিন্তু পুরো ফিট নন। কেন গত দু’টি লড়াইয়ে মাঠে নামেননি। যদি আজ দু’জনেই প্রথম একাদশে জায়গা পান, তাহলে যে কেউ খেলার অভিমুখ ঠিক করে দিতে পারেন।
শুধু তারকা স্ট্রাইকার নয়, মাঝমাঠেও জোরদার লড়াই। ফেদেরিকো ভালভার্দে (Federico Valverde) রিয়ালের সবচেয়ে শক্তিশালী ‘ইঞ্জিন’। দৌড়, প্রেসিং, আক্রমণ—সর্বত্র হাজির। বড় ম্যাচে তাঁর প্রভাব আলাদা করে চোখে পড়ে। অন্যদিকে বায়ার্নের লুইস দিয়াজ (Luis Diaz) দুরন্ত ফর্মে। তাঁর সঙ্গে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের (Trent Alexander-Arnold) সংঘাতও ম্যাচের টোন সেট করে দিতে পারে। গুরুত্বপূর্ণ ম্যাচে এই আড়ালের সংঘাতগুলো শেষ পর্যন্ত ফলাফল লিখে দেয়।
বায়ার্ন শেষ ম্যাচে নাটকীয় জয় পেয়েছে। ৮০ মিনিটের পর তিন গোল করে ম্যাচ জিতেছে। আত্মবিশ্বাস তুঙ্গে। রিয়াল ঠিক উল্টো। শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজয়। লা লিগায় (La Liga) পিছিয়ে পড়া। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের আলাদা ‘গ্ল্যামার’! বের্নাবিউতে তারা অন্য চেহারা নেয়। বায়ার্নকে আজ মাঠের পাশাপাশি মানসিক লড়াইটাও জিতে নিতে হবে।
রাতের অন্য ম্যাচে নামছে আর্সেনাল। যাচ্ছে স্পোর্টিং লিসবনের (Sporting CP) ময়দানে। শেষ দুই ম্যাচে পরাজয়—কারাবাও কাপ ফাইনাল, অন্যটি এফএ কাপ। ফলে আত্মবিশ্বাসে প্রবল ধাক্কা। পাশাপাশি চোটও চিন্তার কারণ। ডেকলান রাইস (Declan Rice), বুকায়ো সাকা (Bukayo Saka), গ্যাব্রিয়েল (Gabriel Magalhaes)—তিন প্রধান মুখ অনিশ্চিত। তবে স্বস্তির জায়গা—স্পোর্টিংয়ের বিরুদ্ধে আর্সেনাল এখনও অপরাজিত। যদিও পর্তুগালের এই ক্লাব সহজ প্রতিপক্ষ নয়। শেষ ষোলোয় ৩-০ পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে ৫-০ স্কোরলাইনে জিতে নজর কেড়েছে। সব মিলিয়ে, ইতিহাস বলছে এক, ফর্ম বলছে আরেক কথা। তাই দুই ম্যাচেই অনিশ্চয়তা তুঙ্গে। কে হাসবে শেষ হাসি, বলা মুশকিল।