
বদলে গেলে সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর রং
শেষ আপডেট: 10 December 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি বাশার আল–আসাদের সাম্রাজ্য ধসে গিয়েছে। গত ২৪ বছর ধরে চলা বাশারের শাসন মাত্র ১২ দিনের ঝড়েই উড়ে গিয়েছে। দীর্ঘদিনের শাসন ব্যবস্থা অপসারিত হলে যে অবস্থা তৈরি হয়, সিরিয়াতে আপাতত সেটাই দেখা যাচ্ছে। এমনকী, জাতীয় ফুটবল দলও সেই তালিকা থেকে রেহাই পেল না।
ক্ষমতার এই পরিবর্তনের পর সিরিয়া ফুটবল দলের জার্সির রং এবং লোগো পরিবর্তন করে ফেলা হয়েছে। আর সেই নতুন লোগোর ছবি ইতিমধ্যে আপলোড করা হয়েছে অফিশিয়াল ফেসবুক পেজেও। প্রসঙ্গত, আগে সিরিয়া ফুটবল দলের জার্সি লাল রংয়ের ছিল। কিন্তু, রবিবার থেকেই SFA-র অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে জার্সির রং সবুজ দেখতে পাওয়া যাচ্ছে। বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।
এখানেই শেষ নয়। পাশাপাশি ক্যাপশনে এও লেখা হয়েছে, 'এটা খেলার জগতে সিরিয়ার প্রথম ঐতিহাসিক পরিবর্তনের কথা ঘোষণা করছে। এই পরিবর্তন একেবারেই স্বজনপোষণ, পক্ষপাত এবং দুর্নীতিমুক্ত হবে।' যদিও অফিশিয়াল ফেসবুক কিংবা টুইটার পেজে এমন কিছু উল্লেখ করা হয়নি।
#صورة_ملف_شخصي_جديدة pic.twitter.com/eyHJxDzw69
— Syrian Football Association (@SyrianFa1) December 8, 2024
আন্তর্জাতিক ফুটবলে সিরিয়ার অবদান অনস্বীকার্য। এই দলটির যথেষ্ট ঐতিহ্য রয়েছে। ১৯৩৬ সালে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল। এরপর দেশে একাধিক রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী রয়েছে এই অ্যাসোসিয়েশন। বর্তমানে FIFA ক্রমতালিকায় সিরিয়া ৯৫ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ২০১২ সালে তারা পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফিও জিতেছিল।