.webp)
মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্স দেখে মন্তব্য সৃঞ্জয় বসুর
শেষ আপডেট: 14 September 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ। শুক্রবার প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের প্রথমার্ধে মেরিনার্সরা জোড়া গোলে এগিয়ে থাকলেও, শেষপর্যন্ত তারা লিড ধরে রাখতে পারেনি। শেষপর্যন্ত ২-২ গোলে ম্যাচটা ড্র হয়। সবুজ-মেরুন ব্রিগেডের এহেন পারফরম্যান্স দেখার পর যারপরনাই হতাশ হয়ে পড়লেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু।
শুক্রবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে এসেছিলেন সৃঞ্জয় বসু। ম্যাচ শেষে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের পারফরম্যান্স নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে হতাশ গলায় তিনি বললেন, 'আমার মনে হয় যে এই ব্যাপারটা দল কোচকে এবার সিরিয়াসভাবে দেখতে হবে। প্রতি ম্যাচে ২ গোলে এগিয়ে থাকার পরও যদি এভাবে পিছিয়ে আসতে হয়, তাহলে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এভাবে একটা দল চলতে পারে না। কোচের উচিত দলের দুর্বলতাগুলো খুঁজে বের করা।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই দলের ডিফেন্স নিয়ে কোচের আরও চিন্তাভাবনা করা উচিত। দলের রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে। দিমি এখনও অনেকটাই স্লো। তবে এটা সবেমাত্র প্রথম ম্যাচ। আশা করি পরবর্তীকালে ফিটনেস বাড়ালে, ও নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারবে।'
হাবাসের পরিবর্তে কেন মলিনাকে নিয়ে আসা হল, তা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সৃঞ্জয় বসুকে। জবাবটা তিনি কার্যত এড়িয়ে যান। স্পষ্ট বললেন, 'এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য করার মতো সঠিক সময় আসেনি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে যে ভুলগুলো হচ্ছে, সেগুলো কোচকে খতিয়ে দেখতে হবে। তবে আবারও বলব যে সবেমাত্র একটা মরশুম শুরু হল। এই সময় সমালোচনা না করে আপনারা সকলেই দলের পাশে থাকুন।'
উল্লেখ্য, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে শুরুটা বেশ ভালোই করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৯ মিনিটে তিরির আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এরপর ২৮ মিনিটে ব্যবধান বাড়ান অ্যালবার্তো রডরিগস। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে মুম্বই। ৭০ মিনিটে আত্মঘাতী গোলের শাপমোচন করলেন সেই তিরিই। অবশেষে ম্যাচের ৯০ মিনিটে সমতা ফেরান থায়ের ক্রৌমা। জেতা ম্যাচ হাতছাড়া হতে বাগান সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েন।