
ইস্টবেঙঅগলকে খোঁচা দিলেন সৃঞ্জয় বসু
শেষ আপডেট: 15 December 2024 06:54
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১৪ ডিসেম্বর) চলতি ইন্ডিয়ান ফুটবল লিগে একটি হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকল গোটা দেশ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটা লড়াকু জয় হাসিল করল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মেরিনার্সরা ৩-২ গোলে জয়লাভ করেছে। আর এই জয়ের পর স্বভাবতই খুশি বাগান সচিব সৃঞ্জয় বসু।
শনিবার ম্যাচের পর তিনি বললেন, 'এই ম্যাচে মোহনবাগান প্রথম থেকেই বেশ ভাল খেলছিল। প্রতিটা ম্যাচই মোহনবাগান জয়ের জন্য় খেলতে নামে। আজ শুরুর দিকে কিছুটা হলেও হয়ত সমস্যা হচ্ছিল। দিনের শেষে ফলাফলই কথা বলেছে।'
প্রসঙ্গত, এই ম্যাচের প্রথমার্ধে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে কেরালা আক্রমণের ঝাঁঝ বাড়ায়। জিমেনেজ এবং দ্রিনিসিচের গোলে তারা ২-১ ব্যবধানে লিডও নেয়। কিন্তু, শেষ ১৫ মিনিট বাগান যেভাবে আক্রমণ শানিয়েছে, তাতে কেরালার রক্ষণ একেবারে তছনছ হয়ে যায়। ৮৬ মিনিটে কামিন্স এবং ৯০+৫ মিনিটে রডরিগসের গোল বাগানের তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।
সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার রেফারিং নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি স্পষ্ট জানান যে রেফারি নিয়োগ করতে না পারাই, তাদের সবথেকে বড় ভুল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে সৃঞ্জয় বসুকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন, রেফারিরাও রক্ত-মাংসের মানুষ। তাঁদেরও ভুল হতেই পারে।
বাগান সচিবের কথায়, 'মানছি যে রেফারিদের অনেক দোষ রয়েছে। এমনকী, রেফারিংয়ের মানও আরও উন্নত করা দরকার। কিন্তু যারা রেফারির দয়ায় এতদিন ধরে এতকিছু জিতেছে, তাদের রেফারির একটা দুটো ভুল মেনে নেওয়া উচিত। তা নিয়ে বেশি চেঁচামেচি মানায় না।'