মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। শুক্রবার তিনি অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি নার্সিংহোমে।

সৃঞ্জয় বসু
শেষ আপডেট: 5 July 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে হঠাৎ করেই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুকে (Mohunbagan Secretary Srinjoy Bose)। মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। শুক্রবার তিনি অসুস্থ (Sick) বোধ করায় তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি নার্সিংহোমে।
সৃঞ্জয়ের অসুস্থার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন মোহন-জনতা। তাঁরা দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করে দিয়েছেন। তবে নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, স্থিতিশীল অবস্থায় রয়েছেন বাগান সচিব।
মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মানস ভট্টাচার্য এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তিনি ডুরান্ড কাপ কমিটির সভায় যোগ দিতে গিয়েছিলেন। তিনিও জানালেন, “টুম্পাই কলকাতার এক নামী নার্সিংহোমে ভর্তি হয়েছেন। তবে অবস্থা এখন ভাল। চিন্তার কিছু নেই।” তিনি আরও জানিয়েছেন, মোহনবাগান ডুরান্ড কাপে খেলবে।
গত কয়েক মাস ধরে মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে প্রচুর পরিশ্রম গিয়েছে সৃঞ্জয়ের। একসময়ের প্রাণের বন্ধু দেবাশিস দত্তর বিরুদ্ধে মোরিনার্স সচিব পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন তিনি। সেই সময় বিভিন্ন জায়গায় গিয়ে ৫৯টি সভা করেছিলেন সৃঞ্জয়। এরপর অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়ের হস্তক্ষেপ ও ক্লাব সমর্থকদের আবেগের কথা চিন্তা করে দুই পক্ষ নিজেদের মধ্যে মিটমাট করে নেয়। সৃঞ্জয় হন সচিব আর দেবাশিস হন প্রেসিডেন্ট।