গোল করার পর কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে যখন আইকনিক সেলিব্রেশনে দু’হাত তুলে ফের নামিয়ে ঝাঁপিয়ে উঠলেন, তাতে বোঝা গেল এই স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) যোগ্য উত্তরসূরী!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 19 May 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া। দুই পা সমান শক্তিশালী। যেমন ক্ষিপ্র গতি, তেমন দুর্দান্ত ফিনিশিং।
এতদূর বললে কোনও কিংবদন্তি ফুটবলারের সঙ্গে এই উঠতি তারকার মিল খুঁজে পাওয়া ভার। কিন্তু গোল করার পর কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে যখন আইকনিক সেলিব্রেশনে দু’হাত তুলে ফের নামিয়ে ঝাঁপিয়ে উঠলেন, তাতে বোঝা গেল এই স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) যোগ্য উত্তরসূরী!
পর্তুগালকে (Portugal) জিতিয়ে এভাবেই খবরের শিরোনামে উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র (Cristiano Ronaldo Jr.)। ক্রোয়েশিয়াকে (Croatia) ৩-২ গোলে হারিয়ে জাতীয় দলকে জেতালেন ভ্লাটকাও মার্কোভিক টুর্নামেন্ট। একটি নয়, দুটি গোল করে ম্যাচের সেরা রোনাল্ডো-পুত্র। জয়সূচক গোল রাফায়েল কাবরালের।
প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচে যথাক্রমে জাপান (৪-১) এবং ইংল্যান্ডকে (২-১) হারায় পর্তুগাল। পরের লড়াই ছিল গ্রিসের বিরুদ্ধে। যেটা ড্র হয় (১-১)। এই ফলাফলের সুবাদে ফাইনালে নামার ছাড়পত্র জোগাড় করে পর্তুগাল। প্রতিপক্ষ আয়োজক দেশ ক্রোয়েশিয়া।
Os primeiros 𝗦𝗜𝗨𝗨𝗨𝗨 de Cristiano Jr. por Portugal foram no Torneio Internacional Vlatko Markovic! 😍🇵🇹#Canal11 #FutebolEmPortuguês pic.twitter.com/nygi0WCC1i
— Canal 11 (@Canal_11Oficial) May 18, 2025
চলতি টুর্নামেন্টে কোচ জোয়াও স্যান্টোস রোনাল্ডোকে দলে নেন। বছর চোদ্দোর রোনাল্ডো জুনিয়র প্রথম ম্যাচে দলের হয়ে নেমেছিলেন ঠিকই। কিন্তু কোনও গোল পাননি। যদিও ফাইনালে ছবিটা পাল্টে যায়। প্রথম গোল আসে বাঁ-পায়ের নিখুঁত ফিনিশে। ফাইনাল বল বাড়িয়ে দেন কার্লোস মোইতা। একই সতীর্থের বাড়ানো ক্রস জোরালো হেডারে নিজের ও দলের দু’নম্বর গোল করেন রোনাল্ডোই। যদিও এর আগে, প্রথম গোলের সময়ই বাবার ট্রেডমার্ক ‘সিউ’ (Suii) সেলিব্রেশন ধার করে উচ্ছ্বাস দেখান রোনাল্ডো। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা মেতে ওঠেন। কীভাবে রোনাল্ডো তাঁর ছাপ সন্তানের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সেই নিয়ে কথা বলেন অনেকেই। সেলিব্রেশনের ধরন নিয়েও মন্তব্য করেন কেউ কেউ।