
ইস্টবেঙ্গলের নয়া ফুটবলার রিচার্ড সেলিস
শেষ আপডেট: 19 January 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো : রবিবার (১৯ জানুয়ারি) এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্লে-অফে ওঠার লড়াইটা লাল-হলুদ ব্রিগেডের কাছে আপাতত অনেকটাই কঠিন। এই পরিস্থিতিতে গৌড়বাহিনীর বিরুদ্ধে রিচার্ড সেলিসকে 'তুরুপের তাস' করেই মাঠে নামাচ্ছেন কোচ অস্কার ব্রুজোঁ।
প্রভসুখন গিল (গোলকিপার), নন্দকুমার শেখর, নুঙ্গা, হিজাজি মাহের, নিশু কুমার, জিকসন সিং, মহেশ নাওরেম, পিভি বিষ্ণু, রিচার্ড সেলিস, ডেভিড লালনসাঙ্গা এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।
এছাড়া রিজার্ভ বেঞ্চে রয়েছেন দেবজিৎ, আদিত্য, চাকু মান্ডি, মনোতোষ. মার্ক, সুমন, জেসিন, ক্লেইটন।
প্রসঙ্গত, চলতি মরশুমের মাঝপথেই বড়সড় চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার মাদিহ তালাল। সেকারণে গোটা মরশুম থেকেই তিনি ছিটকে গিয়েছেন। তালালের পরিবর্তে কোন বিদেশি মশালবাহিনীতে যোগ দেবেন, তা নিয়ে অনেকদিন ধরেই জোর জল্পনা চলছিল। অবশেষে রিচার্ডের আগমন লাল-হলুদ সমর্থকদের মুখের হাসি কিছুটা হলেও চওড়া করেছে।
লাল-হলুদ ব্রিগেডে যোগ দেওয়ার পর রিচার্ড বলেছিলেন, 'ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের ঐতিহ্যবাহী ইতিহাস এবং সমর্থকদের ব্যাপারে অনেক কথা শুনেছি। আমি নিজের কেরিয়ারে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। জয় ইস্টবেঙ্গল।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রথম ৬ ম্যাচে ইস্টবেঙ্গল কোনও পয়েন্টই সংগ্রহ করতে পারেনি। বলা ভাল, হারের ডবল হ্যাটট্রিক করেছিল। কিন্তু, অস্কার ব্রুজোঁ এই দলটার দায়িত্ব গ্রহণ করার পরই খোঁচা খাওয়া বাঘের মতো ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। পরের ৭ ম্যাচে তারা এখনও ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। এই পরিস্থিতিতে অস্কার বাকি ম্যাচেও তাঁর জাদুকাঠি চালাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।