
ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ
শেষ আপডেট: 13 December 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে ওঠার লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তারা ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, এই ম্য়াচে লাল-হলুদের বিজয়রথ আটকে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল চুনুঙ্গার গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও, তারা শেষরক্ষা করতে পারেনি। ১০ জনের লাল-হলুদ ব্রিগেডের বিরুদ্ধে ওড়িশা ৩ পয়েন্ট নিশ্চিত করে। ওড়িশার হয়ে গোল করলেন জেরি মাওয়িমিংথাঙ্গা এবং হুগো বুমোস।
তবে এই ম্যাচেও অব্যাহত ছিল রেফারিং বিতর্ক। প্রথমার্ধের একেবারে শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় ইস্টবেঙ্গলের জিকসন সিংকে। দিয়েগো মরিশিও সঙ্গে ডুয়েলের কারণেই তাঁকে এই কার্ড দেখানো হয়েছে। তবে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জিকসনের চ্যালেঞ্জ একেবারে অনভিপ্রেত ছিল। লাল কার্ড দেখানোর কোনও মানেই হয় না।
রেফারির এই সিদ্ধান্তের পরই রাগে ফেটে পড়েছিলেন ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর মতে, এই একটা সিদ্ধান্তই গোটা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'আসুন, জিকসনের শাস্তি নিয়ে আলোচনা করা যাক। দুটো ম্যাচ আগেও এই একই ঘটনার শিকার হয়েছিলাম আমরা। মনে হচ্ছে, ওরা বোধহয় ইস্টবেঙ্গলকে ছোট দল হিসেবে মনে করছে।'
অস্কারের কথায়, 'এটা আমাদের হোম ম্যাচ ছিল। এই ভুলের জন্য জিকসনকে সতর্ক করাই যেত। গত কয়েকবছর আমি এখানে কাজ করিনি। ফুটবল সম্পর্কে রেফারির আরও বেশি জ্ঞান থাকা দরকার ছিল। আমার মতে, এটা কখনই লাল কার্ডের ভুল হতে পারে না।'
তিনি আরও যোগ করলেন, '২ ম্যাচ আগেও নন্দর সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল। এবারও বল দখলের লড়াইয়ে রেফারির রোষানলে পড়ল আমাদেরই ফুটবলাররা। ফুটবল আসলে বডি কন্ট্যাক্ট গেম। কিন্তু, রেফারিরা চান না যে কোনও কন্ট্যাক্ট হোক। আর সেকারণে খুব সহজেই আমাদের ফুটবলাররা লাল-কার্ড দেখছে।'