
জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন আপনি
শেষ আপডেট: 30 October 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে আপাতত অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার (৩০ অক্টোবর) তারা নিজাম বধের লক্ষ্যে মাঠে নামছে। সামনে হায়দরাবাদ এফসি। জিএমসি বালাযোগী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে।
চলতি আইএসএল টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভাল করতে পারেনি মেরিনার্সরা। দলের রক্ষণভাগ নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। এমনকী, হেড কোচ হোসে মলিনার স্ট্র্যাটেজি নিয়েও সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু, মহমেডান স্পোর্টিং ক্লাবকে হারানোর পর থেকেই এই দলটা ঘুরে দাঁড়িয়েছে। আপাতত টানা সাত ম্যাচে তারা অপরাজিত রয়েছে। প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ডিফেন্ডিং শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট কেমন পারফরম্য়ান্স করে আপাতত সেটাই দেখার।
হায়দরাবাদ এফসি-র হেড কোচ থাংবোই সিংটো কিন্তু সবুজ-মেরুন ব্রিগেডকে হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান।
অন্যদিকে, মোহনবাগান গত ৭ ম্যাচের মধ্যে আবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে চার ম্যাচে জয়লাভ করেছে। দুটো ম্য়াচ ড্র করেছে এবং একটি ম্য়াচে তারা হেরে গিয়েছে। ফলে এই ম্যাচেও তারা জয়ের পরিসংখ্যান বাড়াতে চায়। তবে ঘরের মাঠে হায়দরাবাদকে হারানো যে খুব একটা সহজ হবে না মেরিনার্সদের কাছে, তা বলাই বাহুল্য।
হায়দরাবাদ এফসি : লংতে (গোলকিপার), পরাগ শ্রীবাস, স্টিফান সাপিক, অ্যালেক্স সাজি, মহম্মদ রফি, ইশাক ভানমালসওমা, আন্দ্রেই আলবা, রামহলাংচুঙ্গা, সিওয়াই গোদার্দ, আবদুল রাবিহ, অ্যালান মিরান্ডা।
মোহনবাগান সুপার জায়ান্ট : বিশাল কাইথ (গোলকিপার), শুভাশিস বসু, অ্যালবার্তো রডরিগস, টম অলড্রেড, আশিষ রাই, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন।
আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ জিএমসি বালাযোগী স্টেডিয়ামে আয়োজন করা হবে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে।
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার আপনি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখতে পাবেন। পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমায়। এক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না। আর এই ম্যাচের যাবতীয় প্রতিবেদন দ্য ওয়াল খেলার পাতায় দেখতে পাবেন।