.jpg)
শনিবার ফের সম্মুখ সমরে দুই দিমি
শেষ আপডেট: 11 January 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো : ইন্ডিয়ান সুপার লিগে আরও একবার মুখোমুখি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে।
শনিবাসরীয় ম্যাচে চলতি আইএসএল টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ডার্বি আয়োজন করা হচ্ছে। শেষ পাঁচ ডার্বি ম্যাচে কোন দল কেমন ফলাফল করেছিল? আসুন, সেদিকে একবার নজর দেওয়া যাক।
২০২৪ সালের ১৯ অক্টোবর এই টুর্নামেন্টে প্রথম লেগের ডার্বি ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করে। বাগানের হয়ে গোল করেছিলেন জেমি ম্যাকলারেন এবং দিমিত্রিয়স পেত্রাতোস। অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ হিসেবে এটা অস্কার ব্রুজোঁর প্রথম ম্যাচ ছিল।
২০২৪ সালের ২ সেপ্টেম্বর চিফ মিনিস্টার্স কাপ ডার্বি ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল। লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচের প্রথমার্ধে মোহনবাগানের হয়ে সুহেল ভাট গোল করলেও, দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মহম্মদ আশিক কে। এরপর পেনাল্টি শুট আউটে ৩-২ গোলে নবাবের শহরে প্রথম ডার্বি ম্যাচ জয় করে মোহনবাগান।
সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই রিটার্ন ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি'কে ৩-১ গোলে হারিয়ে দেয়। ২৭ মিনিটে গোল করেছিলেন জেসন কামিন্স। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। ইনজুরি টাইম পেনাল্টিতে গোল করেছিলেন দিমিত্রিয়স পেত্রাতোস। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সাউল ক্রেসপো (৫৩ মিনিট)।
২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগের এই কলকাতা ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট পরপর ২ বার পিছিয়ে থেকেও শেষপর্যন্ত সমতা ফিরিয়ে ড্র করে। ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গলকে লিড দিয়েছিলেন অজয় ছেত্রী। কিন্তু, ১৭ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতা ফেরায় সবুজ মেরুন ব্রিগেড। এরপর আবারও ৫৫ মিনিটে মশালবাহিনীকে এগিয়ে দিয়েছিলেন ক্লেইটন সিলভা। তবে ৮৭ মিনিটে পেত্রাতোসের গোলে বাগানের মুখরক্ষা হয়।
কলিঙ্গ সুপার কাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের হাত ধরেই লাল-হলুদ ব্রিগেড সুপার কাপের সেমিফাইনালে পা রেখেছিল। শেষ চারে জামশেদপুর এফসি-কে এবং ফাইনাল ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে তারা খেতাব জয় করে।
পেত্রাতোসের কর্নার কিক থেকে দুর্দান্ত ফ্লিক করে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন হেক্টর ইউস্তে। কিন্তু, কিছুক্ষণে মধ্যেই সমতা ফেরান ক্লেইটন সিলভা। প্রথমার্ধের শেষদিকে মোহনবাগানের সামনে সমতা ফেরানোর সুযোগ এলেও, পেত্রাতোস পেনাল্টি শট মিস করেছিলেন। দ্বিতীয়ার্ধে নন্দকুমার শেখরের গোলে লিড নিয়েছিল ইস্টবেঙ্গল। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে বাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছিলেন ক্লেইটন সিলভা।