
মোহনবাগানের ফুটবলার শুভাশিস বসু
শেষ আপডেট: 30 November 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইন এফসি- ম্যাচের (Mohun Bagan vs Chennaiyin) প্রথমার্ধ শেষ হল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও এই ম্যাচে একটা বড় ধাক্কা খেল মেরিনার্সরা।
ম্যাচের ২৪ মিনিটে চেন্নাইন ফুটবলার ফারুখ চৌধুরিকে কড়া ট্যাকল করেছিলেন শুভাশিস বসু। সেকারণে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়। গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও তিনি হাভিয়ের সিভেরিওকে চ্যালেঞ্জ (৩২ মিনিট) করতে গিয়ে হলুদ কার্ড দেখেছিলেন। এই জোড়া হলুদ কার্ডের কারণেই তিনি আগামী ম্যাচে খেলতে পারবেন না। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান।
শনিবারের ম্যাচটা বেশ ধীরগতিতেই হয়েছিল। যদিও ম্যাচের প্রথম ১০ মিনিট মোহনবাগানের পায়ে ৮২ শতাংশ বল ছিল। এরপর থেকে দুটো দলই ক্রমশ আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। ১২ মিনিটের মাথায় মোহনবাগানের বক্সে বিপদ তৈরি করেছিলেন কোনর শিল্ডস। ডানদিক থেকে কাট করে তিনি বক্সের মধ্যে ঢুকেছিলেন। কিন্তু, তাঁকে সাদা জার্সির কেউই সাপোর্ট দিতে পারেনি।
২০২৪-২৫ মরশুমে ইতিপূর্বে প্রথম ১৫ মিনিটে মোহনবাগান মোট চারটে গোল করেছে। কিন্তু, এই ম্যাচে তারা প্রতিপক্ষকে মেপে খেলতে চাইল। বরং সময় যত এগোচ্ছিল, চেন্নাইনের আক্রমণ ক্রমশ ঝাঁঝাল হয়ে উঠছিল। একের পর এক আক্রণে তারা বাগান ডিফেন্স চুরমার করার চেষ্টা করছিল।
ম্যাচের ২৭ মিনিটে দুরন্ত একটা সুযোগ তৈরি করেছিলেন দিমি পেত্রাতোস। মনবীর সিং তাঁর দিকে বলটা বাড়িয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত তিনি ফিনিশ করতে পারলেন না। বক্সের মধ্যে পড়ে গিয়ে তিনি পেনাল্টিরও আবেদন করেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি।
প্রথমার্ধে শেষে কিছুটা হলেও বিপদজনক হয়ে উঠছিলেন লিস্টন কোলাসো। ৩৫ মিনিটে তিনি দুরপাল্লার একটি শট নিয়েছিলেন। কিন্তু, বিকাশ ইয়ামনাম কার্যত স্লাইড করে বলটা বিপদমুক্ত করলেন।
প্রসঙ্গত, এই ম্যাচটা জিততে পারলেই মোহনবাগানের সামনে লিগ টেবিলে শীর্ষে ওঠার হাতছানি থাকবে। আপাতত ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, চেন্নাইন এফসি এখনও পর্যন্ত এবারের আইএসএল মরশুমে সুবিধা করতে পারেনি। আপাতত তারা ৬ নম্বরে রয়েছে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।