
মোহনবাগান সুপার জায়ান্ট
শেষ আপডেট: 12 September 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। রাত পোহালেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিদের মহাযুদ্ধ। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই ম্যাচ শুরুর আগেই বাগান সমর্থকদের কাছে এল এক বিশেষ সুখবর। কী সেই সুখবর? আসুন, সেই ব্যাপারেই আলোচনা করে নেওয়া যাক।
মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি'র মধ্যে যে অহি-নকুল সম্পর্ক, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। আশা করা যায়, গত মরশুমের মতোই এই মরশুমেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
তবে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে শোনা গিয়েছিল যে বাগান ব্রিগেডের তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন হয়ত এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। কিন্তু, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচের আগে জানতে পারা গিয়েছে, ম্যাকলারেন একেবারে ফিট হয়ে উঠেছেন। এই খবর বাগানে অনেকটা ফুরফুরে হাওয়া নিয়ে এসেছে।
তবে সবুজ-মেরুন সমর্থকদের জন্য আরও খবর রয়েছে। জেমির পাশাপাশি আশিক কুরুনিয়ন এবং ধীরাজ সিংও সুস্থ হয়ে উঠেছেন। গত মরশুমটা আশিক যথেষ্ট ভালোভাবেই শুরু করেছিল। কিন্তু, চোটের কারণে খুব একটা বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। এবারও মরশুমের শুরুতে চোটের আশঙ্কা বাগান সমর্থকদের মনে একটা অজানা আশঙ্কা ডেকে এনেছিল। তবে জানা গিয়েছে, আশিকের চোট অতটাও গুরুতর নয়।
অন্যদিকে, ধীরাজ সিংকে মোহনবাগান সুপার জায়ান্ট দলের ব্যাকআপ গোলকিপার হিসেবে নেওয়া হয়েছে। বর্তমানে মেরিনার্সদের 'ফ্লাইং ফ্যালকন' বিশাল কাইথ যে আগুন ফর্মে রয়েছেন, তাতে হয়ত তাঁকে বদলানোর কোনও ঝুঁকি নেবেন না মলিনা। তবে ব্যাকআপ হিসেবে ধীরাজের উপস্থিতি তাঁকে যে অনেকটাই স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।