
উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা
শেষ আপডেট: 2 November 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: ইরানে খেলতে না গিয়ে কোনও ভুল করেনি মোহনবাগান সুপার জায়ান্ট। কোনও জরিমানার মুখেও তাদের পড়তে হচ্ছে না। শনিবার (২ নভেম্বর) একথাই স্পষ্ট করে দিল এএফসি। এই সিদ্ধান্তের পর গোটা বাগান জুড়ে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।
প্রসঙ্গত, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু, আচমকা ইরানে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ায়, গোটা ছবিটাই একেবারে বদলে যায়। সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ম্যাচের থেকে ফুটবলারদের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেকারণে কার্যত বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মর্মে মোহনবাগানের পক্ষ থেকে একটি হলফনামা জমা দেওয়া হয়েছিল। সেখানে দলের ৩৫ জন ফুটবলার এবং সংশ্লিষ্ট স্টাফরা সই করে ইরানে না যাওয়ার ব্যাপারে সহমত পোষন করেন।
শনিবার (২ নভেম্বর) মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয় যে ক্লাবের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, তারই জবাব দিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন। এএফসি কম্পিটিশনস কমিটির পক্ষ এই থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে মোহনবাগান যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা নেহাতই পরিস্থিতির শিকার হয়ে। এর পিছনে অন্য কোনও অভিপ্রায় ছিল না।
ইতিপূর্বে আশঙ্কা করা হয়েছিল যে মোহনবাগান সুপার জায়ান্টের এই পদক্ষেপের কারণে তাদের শাস্তি এবং জরিমানার মুখে পড়তে হতে পারে। কিন্তু, যাবতীয় আশঙ্কা আপাতত দুর হয়ে গিয়েছে। এএফসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইরানে না যাওয়ার স্বপক্ষে ক্লাবের যথাযোগ্য কারণ রয়েছে। সেকারণে কোনও জরিমানা করা হচ্ছে না। তবে এই টুর্নামেন্টে মোহনবাগান আপাতত আর অংশগ্রহণ করতে পারবে না।