1.jpg)
জামশেদপুরের বিরুদ্ধে খেলতে প্রস্তুত মোহনবাগান সুপার জায়ান্ট
শেষ আপডেট: 23 November 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে বর্তমান শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত জয়ের সরণীতে ফিরতে মরিয়া। শনিবার (২৩ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুর্বল জামশেদপুরের বিরুদ্ধে তারা খেলতে নামছে।
মাঝে ছিল ২ সপ্তাহের আন্তর্জাতিক বিরতি। তার আগে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছিল মেরিনার্সরা। কিন্তু, তার আগে তিনটে ম্যাচে অবশ্য দলটা জয়ের হ্যাটট্রিক করেছে। সেই ফর্মটাই শনিবাসরীয় ম্যাচে দেখতে চান সবুজ-মেরুন সমর্থকরা।
আপাতত আইএসএল পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৭ ম্যাচে তারা ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। এই ম্য়াচটা জিততে পারলেই তারা টেবিল টপার বেঙ্গালুরু এফসি-কে (৮ ম্যাচে ১৭ পয়েন্ট) ধরে ফেলতে পারবে। আর এরথেকে বড় সুযোগ বাগান ব্রিগেডের কাছে আর আসবে না।
তবে চোট সমস্যায় কিছুটা হলেও ব্যাকফুটে দাঁড়িয়ে রয়েছে বাগান ব্রিগেড। দলের বেশ কয়েকজন ফুটবলার চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। সেই তালিকায় নাম রয়েছে আশিস রাই এবং গ্রেগ স্টুয়ার্টের। অনিরুদ্ধ থাপা এই ম্যাচে খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
Back home after over a month, have you missed us? ????♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/X7iV2l8Sxg
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 23, 2024
তবে এই দলটার রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে আশা করা যেতেই পারে প্রথম একাদশ তৈরি করতে বাগান কোচ হোসে মলিনার কোনও অসুবিধে হবে না। দীর্ঘ বিরতির পর দলটা কত দ্রুত ছন্দে ফিরতে পারে, সেটাই আপাতত দেখার। তবে এই ম্য়াচ থেকে মোহনবাগান তিনটে পয়েন্টস সংগ্রহ করতে চাইছে।
জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে মলিনা বললেন, 'আপাতত আমাদের দল একেবারে প্রস্তুত। এই ম্যাচ নিয়ে আমরা আলাদা করে কোনও পরিকল্পনা করিনি। কাকে কী করতে হবে, সেটা আমাদের দলের ফুটবলাররা খুব ভাল করেই জানে। দলের প্রথম একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। তবে প্রত্যেক ফুটবলারের উপর আমার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।'