
এফসি গোয়ার বিরুদ্ধে পরাস্ত মোহনবাগান
শেষ আপডেট: 20 December 2024 21:10
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে থামল মোহনবাগানের বিজয় রথ। গোয়া এফসি-র বিরুদ্ধে তারা ২-১ গোলে পরাস্ত হল। এই ম্যাচে গোয়ার হয়ে জোড়া গোল করলেন ব্রাইসেন ফার্নান্ডেজ। অন্যদিকে মোহনবাগানের হয়ে একমাত্র গোল করেন দিমিত্রিয়স পেত্রাতোস। সবুজ-মেরুন ব্রিগেডের এই পারফরম্যান্স দেখার পর বাগান সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়লেন।
এই ম্যাচের শুরু থেকেই গোয়ার দাপট দেখতে পাওয়া যায়। ম্যাচের ১২ মিনিটে তারা ১-০ গোলে এগিয়ে যায়। গৌড়বাহিনীকে লিড দিলেন ব্রাইসন ফার্নান্ডেজ।
গোয়ার এই তরুণ ফুটবলার আশিস রাইকে ড্রিবল করে টপকে যান। তারপর বলটা আলতো টোকায় হাওয়ায় তুলে দেন। বলটা টম অলড্রেডের গায়ে প্রতিহত হয়ে কার্যত ফাঁকা নেটে বলটা ঢুকে যায়। এই পরিস্থিতিতে বিশাল কাইথের কাছে চুপচাপ দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
কিন্তু, দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মোহনবাগান। ৫৪ মিনিটে সাদিকুর হ্যান্ডবলে পেনাল্টি পায় সবুজ-মেরুন ব্রিগেড। রেফারি ক্রিস্টাল জন সিদ্ধান্ত গ্রহণ করতে এক সেকেন্ডও দেরি করলেন না। পেনাল্টি শট মারতে আসেন বাগানের 'ভরসা' দিমিত্রি পেত্রাতোস। তিনি টার্গেট মিস করেননি। গোয়ার গোলকিপার ডাইভ দিলেও পেত্রাতোসের শট বাঁচাতে পারেননি।
তবে এই লিড তারা ধরে রাখতে পারেনি। আবারও গোয়াকে লিড দিলেন সেই ব্রাইসেন। ৬৮ মিনিটে দুর্দান্ত একটা ক্রস বাড়িয়েছিলেন বোরহা। বাগানের ডিফেন্ডার হিসেবে চূড়ান্ত ব্যর্থ হলেন আশিস রাই। তিনি বলটা বিপদ মুক্ত করতে পারলেন না। একটা লো হেডে বাগানের জালে বলটা জড়িয়ে দিলেন ব্রাইসেন ফার্নান্ডেজ। এক্ষেত্রে অবশ্য বিশালের কিছু করার ছিল না। এই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে এক ম্যাচে জোড়া গোল করলেন তিনি।