.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা
শেষ আপডেট: 13 January 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার (১১ জানুয়ারি) ফিরতি লেগের কলকাতা ডার্বি খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে মোহনবাগান ১-০ গোলে জয়লাভ করেছে। ম্যাচের ২ মিনিটের মধ্যে জয়সূচক গোলটি করেছিলেন জেমি ম্যাকলারেন। যদিও এই ম্যাচে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে লাল-হলুদ সমর্থকদের সেই কাটা ঘায়েই নুনের ছিটে দিলেন মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা।
ম্যাচের শেষে মলিনা বললেন, 'ইস্টবেঙ্গল এফসি লাল কার্ড দেখার পরই আমরা আরও খারাপ খেলতে শুরু করি। আমাদের দলে একজন ফুটবলার বেশি থাকলেও, আর গোল করতে পারিনি। আমাদের দল বেশ কয়েকটা প্রতি আক্রমণ করলেও, ফাইনাল থার্ডে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। তবে শেষের দিকে আমরা বেশ চাপেই পড়ে গিয়েছিলাম। বক্সের মধ্যে বারংবার ওরা বল নিয়ে ঢুকে পড়ছিল। তবে আমাদের দুই সেন্টার-ব্যাক, ফুল ব্যাক এবং গোলকিপার দুর্দান্ত পারফরম্যান্স করেছে।'
এরপর তিনি বললেন, 'সত্যি কথা বলতে কী, আমরা ওদের খুব একটা বেশি গোল করার সুযোগই দিইনি। এমনকী, ড্র করার সুযোগও ওরা পায়নি। গোটা ম্যাচ আমরাই নিয়ন্ত্রণ করেছি। এই দলের পারফরম্যান্স নিয়ে আমি খুব খুশি। তবে শেষের কয়েকটা মিনিট বিচার করলে, আমি হয়ত অতটাও খুশি হতে পারব না। তবে আরও একটি ডার্বিতে আমরা দুর্দান্ত পারফরম্যান্স করলাম। তিন পয়েন্ট তো পেলামই পাশাপাশি দ্বিতীয় স্থানের সঙ্গেও ব্যাপারটা অনেকটা বাড়িয়ে ফেললাম।'
সবশেষে মলিনা বললেন, 'মোহনবাগান সমর্থকদের আমি একটাই কথা বলতে চাই যে আপনাদের খুব মিস করেছি। আপনাদের সামনেই আমরা খেলতে চেয়েছিলাম। আপনাদের জন্যই আমরা লড়াই করেছি। আশা করব, এই জয়টা আপনারা উপভোগ করবেন। পরের ম্যাচে আপনাদের জন্য আমি মাঠে অপেক্ষা করব।'