
মোহনবাগান সুপার জায়ান্ট
শেষ আপডেট: 18 September 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগের গত মরশুমে শিল্ড জয় করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার তারা মহাদেশীয় প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাজাখস্তানের দল এফসি রাভশান ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামছে।
সম্প্রতি ২০২৪ ডুরান্ড কাপে রানার্স আপ হয়েছিল মোহনবাগান। এরপর চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করেছিল।
পর্তুগালের তরুণ ফুটবলার নুনো রেইজকে সই করানোর পর, বাগানের ডিফেন্স যে আগের থেকে আরও শক্তিশালী হবে, তা আশা করা যেতেই পারে। বুধবারই সেপ্টেম্বর মাসে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। চ্যাম্পিয়ন্স লিগ ২-এর শুরুটা জয় দিয়েই করতে চায় মোহনবাগান।
কলকাতার এই ঐতিহ্যবাহী ফুটবল দল মহাদেশীয় প্রতিযোগিতায় এখনও পর্যন্ত শতাধিক ম্যাচ খেলেছে। ১৯৮৭ সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রথমবার খেলতে নেমেছিল মোহনবাগান। কিংবদন্তি ফুটবলার শিশির ঘোষ (৬ গোল) সর্বাধিক গোলের রেকর্ড কায়েম করেছিলেন।
পাশাপাশি এশিয়ান প্রতিযোগিতায় ১৪ বারের মধ্যে পাঁচবার গ্রুপ পর্যায় টপকাতে পেরেছে। ২০২২ সালে শেষবার মোহনবাগান গ্রুপ পর্যায় অতিক্রম করতে পেরেছিল। সেইসময় সবুজ-মেরুন ব্রিগেডের হেড কোচ ছিলেন জুয়ান ফেরান্দো।
তারপর থেকে বাগানের কোচ মোট ২ বার পরিবর্তিত হয়েছে। এই ক্লাবের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছেন জুয়ান ফেরান্দো এবং আন্তোনিও লোপেজ হাবাসয
আপাতত দলের দায়িত্ব রয়েছে হোসে মলিনার হাতে। অ্যাটলেটিকো ডি কলকাতার শিরোপা জয়ের পিছনে মলিনার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবার বাগান ব্রিগেড কেমন পারফরম্যান্স করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।