.webp)
ইস্টবেঙ্গলের মিউজিয়াম ঘুরে দেখছেন হোসে ব়্যামিরেজ ব্যারেটো
শেষ আপডেট: 7 November 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো: বুধবার (৭ নভেম্বর) বিকেলবেলা আচমকা হতবাক হয়েছিল গোটা কলকাতা ময়দান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবে পা রেখেছিলেন মোহনবাগানের 'সবুজ তোতা' হোসে ব়্যামিরেজ ব্যারেটো। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই মেরিনার্সরা বিষয়টা নিয়ে রীতিমতো হাসিঠাট্টা শুরু করে দিয়েছে।
'মোহনবাগান হাব' নামের একটি টুইটার পেজ থেকে লাল-হলুদ ব্রিগেডকে কার্যত কটাক্ষ করে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'মোহনবাগান কিংবদন্তী হোসে ব়্যামিরেজ ব্যারেটো ইস্টবেঙ্গল মিউজিয়াম ঘুরে দেখলেন। উনি কি মিউজিয়ামে আইএসএল কিংবা আই-লিগ ট্রফি খুঁজছিলেন?' এই পোস্টটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর থেকে মেরিনার্সরা রীতিমতো হাসিঠাট্টা শুরু করেছেন।
প্রসঙ্গত, মোহনবাগান দু'বার (সঞ্জয় সেন এবং কিবু ভিকুনার কোচিংয়ে) আই-লিগ খেতাব জয় করলেও, ইস্টবেঙ্গলের কাছে এই ট্রফির স্বাদ অধরাই রয়ে গিয়েছে। ২০২০ সাল থেকে ইন্ডিয়ান সুপার লিগে পা রাখে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, এখানেও তারা একেবারেই নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। বেশ কয়েকবার দলের কোচ পরিবর্তন করা হলেও, ভাগ্য ফেরেনি। এবারের আইএসএল টুর্নামেন্টেও ৬ ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু এখনও তারা জয়ের খাতা খুলতে পারেনি। আগামী শনিবার (৯ নভেম্বর) মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তারা খেলতে নামবে। এই ম্যাচে জয়ের আশাতেই দিন গুনছেন লাল-হলুদ সমর্থকরা।
অন্যদিকে, আইএসএল টুর্নামেন্টেও খেতাব জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। পাশাপাশি লিগ শিল্ডের খেতাবও তাদের ঝুলিতে এসেছে। চলতি আইএসএল পয়েন্টস তালিকায় তারা ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে তিন পয়েন্টসের ব্যবধান রয়েছে। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন ব্রিগেড যে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে, তা বলা যেতেই পারে।