
রবি ফাওলার এবং মহম্মদ সালাহ
শেষ আপডেট: 28 October 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো : মহম্মদ সালাহর শেষবেলার গোলে লিভারপুল বনাম আর্সেনাল ম্য়াচ ২-২ গোলে ড্র হয়ে গেল। রবিবার প্রিমিয়ার লিগের এই ম্য়াচটি আমিরাত স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। তবে চোটের কারণে গানার্স ব্রিগেড আপাতত ছোটখাট হাসপাতালে পরিণত হয়েছে। এই তালিকায় নতুন করে নাম লিখিয়েছেন গ্যাব্রিয়েল মাগালহায়েস।
ম্য়াচের ৯ মিনিটে আর্সেনালকে লিড দিয়েছিলেন বুকায়ো সাকা। চোট কাটিয়ে দলে ফেরার পর প্রিমিয়ার লিগে তিনি ৫০তম গোলটি করে ফেললেন। ১৮ মিনিটে লিভারপুলের হয়ে সমতা ফেরালেন ভার্জিল ভ্যান ডিজক।
এই ম্যাচে বেশ কয়েকটি ইতিবাচক গোলের সুযোগ তৈরি করেছিল আর্সেনাল। কিন্তু, কিছুতেই তারা দ্বিতীয়বার লিড নিতে পারছিল না। হাফটাইম হওয়ার কিছুটা আগে সেই কাঙ্খিত লিড এনে দেন মিকেল মেরিনো। ডেকালান রাইসের ফ্রি-কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত একটি হেড করলেন তিনি। আর সঙ্গে সঙ্গে আর্সেনালের হয়ে প্রথম গোলটা তিনি করে ফেললেন।
অবশেষে ম্য়াচের ৮১ মিনিটে লিভারপুলের হয়ে সমতা ফেরালেন মহম্মদ সালাহ। ডারউইন নুনেজের বাড়ানো ক্রস থেকে বলটা তাঁর পায়ে আসে। এরপর ঠান্ডা মাথায় ট্যাপ-ইন করে বলটা তিনি আর্সেনালের জালে জড়িয়ে দেন। আর সেইসঙ্গে ইজিপ্ট ফুটবল দলের এই উইঙ্গার প্রিমিয়ার গোলের পরিসংখ্যানে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের প্রাক্তন কোচ রবি ফাওলারের রেকর্ড স্পর্শ করেন। এই লিগে তাঁরা দুজনেই আপাতত ১৬৩ গোল করেছেন।
এই ম্যাচটি ড্র হওয়ার পর ৯ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল লিভারপুল। ম্যানচেস্টার সিটির থেকে তারা মাত্র ১ পয়েন্টই পিছনে রয়েছে। অন্যদিকে, তৃতীয় স্থানে নেমে গেল আর্সেনাল। তাদের ঝুলিতে ১৮ পয়েন্ট রয়েছে।