২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা এনে দেওয়া জার্সি গায়ে শেষবার ঘরের মাঠে কোয়ালিফায়ার খেলবেন মেসি। এরপর জার্নি গড়াবে ছাব্বিশের বিশ্বকাপের দিকে। সেটাই হবে তাঁর আলবিদার মঞ্চ।

লিওনেল মেসি
শেষ আপডেট: 29 August 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: নিজে থেকে এখনও অবসরের দিনক্ষণ ঘোষণা করেননি। বুটজোড়া কবে পাকাপাকিভাবে তুলে রাখবেন, সেই নিয়ে সমাজমাধ্যমেও তেমন শোরগোল নেই। তবু সবার অলক্ষেই জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন লিওনেল মেসি। বুধবার রাতেই অকপট স্বীকারোক্তির সুরে এলএমটেন জানিয়েছেন, আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচই হতে পারে আর্জেন্তিনার জার্সিতে তাঁর কেরিয়ারের শেষ হোম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার!
ইন্টার মায়ামিকে লিগস কাপ ফাইনালে তোলার পর মেসির গলায় ‘স্বভাববিরুদ্ধ’ আবেগ। রুদ্ধ গলায় বললেন, ‘এটা আমার জন্য ভীষণ স্পেশ্যাল লড়াই, আমার শেষ কোয়ালিফায়ার ম্যাচ!’ বয়স এখন ৩৮। এর পর ২০৩০ সালের বিশ্বকাপের বাছাইপর্ব শুরু ২০২৭ সালে। তখন বয়স দাঁড়াবে চল্লিশে। ইঙ্গিত স্পষ্ট—২০২৬ বিশ্বকাপের পরই হয়তো লিও কেরিয়ারের পর্দা পাকাপাকিভাবে টানবেন!
আগামী বৃহস্পতিবার বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের অ্যান্টি–পেনাল্টিমেট রাউন্ড। তার পর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তবে ঘরের মাঠে মেসিকে হয়তো আর দেখা যাবে না। তাই আর্জেন্তিনীয় সমর্থকদের কাছে ম্যাচটা শুধু কোয়ালিফায়ার নয়, আবেগের উৎসব হতে চলেছে।
মেসির কথায়, ‘এর পর আর কোনও প্রীতি ম্যাচ হবে কি না জানি না। আবারও খেলব কি না, তাও অজানা। তবে এই ম্যাচটা খুব স্পেশ্যাল। আমার স্ত্রী, সন্তান, মা–বাবা, ভাইবোন—সবাই থাকবে। আমরা একসঙ্গে এই মুহূর্তটা বাঁচব। এর পর কী হবে, জানি না!’
তাঁর এই স্বীকারোক্তি সমাজমাধ্যোমে ছড়িয়ে পড়তেই দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল (CONMEBOL) টুইট করে জানায়: ‘লাস্ট ডান্স সমাগত!’ সঙ্গে দেশের জার্সিতে মেসির ছবি। যেন গোটা মহাদেশই তাঁর বিদায়ের জন্য তৈরি!
এই প্রেক্ষিতে আর্জেন্তিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) ম্যাচের আবেগকে কাজে লাগাচ্ছে বাণিজ্যিক কায়দায়। টিকিটের দাম বাড়ানো হয়েছে রেকর্ড হারে। সবচেয়ে সস্তা ১০০ ডলার, সবচেয়ে দামী প্রায় ৫০০ ডলার। তবু চারদিকে টিকিটের হাহাকার। মরিয়া সমর্থকরা কাতর সুরে জানাচ্ছেন, এক ঝলক মেসিকে শেষবার দেখতে পাওয়াই তাঁদের জীবনের পরম প্রাপ্তি। অতএব যে কোনও মূল্যে টিকিট চাই!
২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা এনে দেওয়া জার্সি গায়ে শেষবার ঘরের মাঠে কোয়ালিফায়ার খেলবেন মেসি। এরপর জার্নি গড়াবে ছাব্বিশের বিশ্বকাপের দিকে। সেটাই হবে তাঁর আলবিদার মঞ্চ। কিন্তু তার আগেই বুয়েনস আইরেসের রাত ভরে উঠবে করতালি, অশ্রুজল আর অনিবার্য বিদায়ের বিষণ্ণতায়। ফুটবলের ঈশ্বরের শেষ হোম কোয়ালিফায়ার—শুধু আর্জেন্তিনা নয়, গোটা ফুটবল দুনিয়ার কাছেও এক অবিস্মরণীয় অধ্যায় হতে চলেছে।