.jpg)
ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কোয়েজ
শেষ আপডেট: 19 November 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: সোমবার (১৮ নভেম্বর) মালয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্যাচেও টিম ইন্ডিয়ার জয় অধরা রইল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আর যাবতীয় অভিযোগের আঙুল উঠছে টিম ইন্ডিয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজের উপর। তিনি ভারতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকে টিম ইন্ডিয়া একটাও ম্যাচ জিততে পারেনি।
কিন্তু, ভারতীয় ফুটবল দলের এই চরম দুর্দিনেও 'আশার আলো' দেখছেন মানোলো মার্কোয়েজ। তিনি মনে করছেন, ২০২৭ সালে সৌদি আরবে আয়োজিত এএফসি এশিয়ান কাপের যোগ্যতা টিম ইন্ডিয়া অর্জন করতে পারবে।
২০২৪ ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ভারতীয় ফুটবল দল চলতি নভেম্বর মাসে একটাই ম্যাচ খেলল। হায়দরাবাদের গাছিবাওলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টিম ইন্ডিয়ার জয় অধরাই রইল।
দলের এই পারফরম্য়ান্স মানোলোকে একেবারে খুশি করতে পারেনি। তাঁর আশা, আগামী বছর ভারতীয় ফুটবল দল আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবে। আগামী বছরই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে নামবে নীল বাঘেদের দল।
সোমবার ম্যাচের শেষে মার্কোয়েজ বললেন, 'এই পারফরম্য়ান্স দেখে আমি যারপরনাই হতাশ। তবে আমি নিশ্চিত যে ২০২৭ সালে আয়োজিত এএফসি এশিয়ান কাপের যোগ্যতা আমরা অর্জন করতে পারব।'
তিনি আরও যোগ করেন, 'হাতে আর মাস চারেক সময় বাকি রয়েছে। আমি দায়িত্ব গ্রহণ করার পর ভারতীয় ফুটবল দল যে একটাও ম্যাচ জিততে পারেনি, সেটাও আমি খুব ভাল করে জানি। তবে আমি নিশ্চিত যে আগামী মার্চে আমরা অবশ্যই জিততে পারব।'
মানোলোর কথায়, ভারতীয় ফুটবল দলকে গোল স্কোরিং দক্ষতা আরও বাড়াতে হবে। তবে এই দলের রক্ষণভাগ নিয়ে মার্কোয়েজ যারপরনাই খুশি।