
মানোলো মার্কোয়েজের কোচিংয়ে অধরা ভারতের জয়
শেষ আপডেট: 18 November 2024 22:07
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে মানোলো মার্কোয়েজের জয় অধরাই রইল। মালয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে টিম ইন্ডিয়া ১-১ গোলে ড্র করেছে। সোমবার হায়দরাবাদের গাছিবাওলি স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল।
এই ম্যাচের জন্য মানোলো মার্কোয়েজ ২৬ জনের যে স্কোয়াড বেছে নিয়েছিলেন, সেখানে কোনও বাঙালি ফুটবলারকে রাখা হয়নি। অনেকেই মানোলোর এই বাঙালি বিমুখ নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এমনকী, প্রাক্তন ফুটবলার রহিম নবি বলেছিলেন যে বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু যে ফর্মে ছিলেন, তা মাথায় রেখে ভারতীয় ফুটবল দলে নেওয়াই যেত। কিন্তু, শেষপর্যন্ত তেমনটা হয়নি।
এবার মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর অনেকেই মানোলো মার্কোয়েজের কোচিং নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যেভাবে ঢিমেতালে তাঁর দল গোটা ম্যাচে খেলে গেল, তা অনেকেই মেনে নিতে পারছেন না। ১৯ মিনিটের মাথায় পাওলো জোশুর গোলে লিড নিয়েছিল মালয়েশিয়া।
যদিও ৩৯ মিনিটে রাহুল ভেকে তা শোধ করে দেন। কিন্তু, ম্যাচের দ্বিতীয়ার্ধে? ফুটবল সমর্থকদের একাংশের মতে, ভারতীয় খেলোয়াড়দের মধ্যে জেতার কোনও খিদেই দেখতে পাওয়া যাচ্ছিল না। শেষ মুহূর্তে (৯০+২ মিনিটে) মালয়েশিয়ার ফুটবলার তিয়েরনে হেড থেকে আরও একটা গোল প্রায় হয়েই যাচ্ছিল। নেহাতই বলটা গোলপোস্টে লেগে ফিরে না এলে টিম ইন্ডিয়ার কপালে আরও দুঃখ নাচত।
এখন প্রশ্ন হচ্ছে, মানোলো মার্কোয়েজের কোচিংয়ে ভারতীয় ফুটবল দল আর কবে জিততে পারবে? দায়িত্ব গ্রহণ করার পর থেকে তো কম সময় কাটল না! ইতিপূর্বে, মরিশাসের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল গোলশূন্য ড্র করেছিল। গত সেপ্টেম্বর মাসে সিরিয়ার বিরুদ্ধে ০-৩ গোলে হেরে যায় ভারত। অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে একটা প্রীতিম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু, সেই ম্যাচটাও ১-১ গোলে ড্র হয়ে যায়। আর অবশেষে মালয়েশিয়ার বিরুদ্ধেও কপাল খুলল না।
এই পরিস্থিতিতে একটা ছবি বেশ স্পষ্ট। ভারতীয় ফুটবল দল আপাতত জয়ের রাস্তাটা বোধহয় ভুলেই গিয়েছে। আর সেজন্য কিন্তু বাঙালি ফুটবলাররাই একমাত্র দায়ী নয়।