
বাংলা ফুটবল দলকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 1 January 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে খরা কাটল বাংলা ফুটবল দলের। সঞ্জয় সেনের হাত ধরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা ফুটবল দল। ফাইনাল ম্যাচে কেরালার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন চাকু মান্ডিরা। এই ম্য়াচে বাংলা ১-০ গোলে জয়লাভ করেছে। বাংলার হয়ে একমাত্র গোট করেছেন রবি হাঁসদা।
এই জয়ের কারণে ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছেন, 'আট বছরের অপেক্ষার অবসান হল। ২০২৫ সালটা দুর্দান্ত শুরু করল বাংলা ফুটবল দল। এই নিয়ে ৩৩ বার বাংলা সন্তোষ ট্রফির খেতাব জয় করল!'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রবি হাঁসদার নজরকাড়া গোল থেকে অবিস্মরণীয় জয়লাভ করেছে বাংলা। পাশাপাশি ১৩ গোল করার সুবাদে ওর হাতেই তুলে দেওয়া হয়েছে সোনার বুট। পাশাপাশি এই ঐতিহাসিক জয়ের কারণে দলের কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মান্ডির পাশাপাশি গোটা দল, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ এবং অনুশীলন স্টাফদের অভিনন্দন জানাতে চাই।'
After an 8-year wait, Bengal football begins 2025 on a triumphant note by reclaiming the prestigious Santosh Trophy for a record-breaking 33rd time!
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2024
This incredible victory was sealed by the sensational strike from Robi Hansda, who also earned the Golden Boot with a stunning…
ফাইনাল ম্য়াচে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। ৯০+৪ মিনিটে রবিকে লক্ষ্য করে আদিত্য থাপা দুরন্ত হেডে বক্সের মধ্যে বলটা পাঠিয়েছিলেন। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটা কেরালার জালে জড়িয়ে দিতে রবির কোনও সমস্যাই হয়নি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফির খেতাব জয় করল বাংলা।
সবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বাংলা বরাবরই ফুটবল প্রতিভার কেন্দ্রবিন্দু। বাংলার বহু ফুটবলার ভারতীয় ফুটবল দলকে সমৃদ্ধ করেছে। আশা করছি, আগামীদিনে এই দলটার জন্য আরও গৌরবোজ্জ্বল মুহূর্ত অপেক্ষা করছে।'