শনিবার পর্তুগালের শহরতলি গন্ডোমার, যেখানে ছেলেবেলায় বেড়ে উঠেছেন দুই ভাই, সেখানেই তাঁদের শেষকৃত্যের আয়োজন করা হয়। হাজির ছিলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক, কোচ আর্নে স্লট, পর্তুগালের জাতীয় দলের ম্যানেজার রবার্তো মার্টিনেজ এবং বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজের মতো তারকা।

লিভারপুলের জোতা
শেষ আপডেট: 7 July 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের ফুটবলার দিয়োগো জোতা গত বৃহস্পতিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান। ২৮ বছর বয়সি এই ফুটবলারের সঙ্গে ছিলেন ছোট ভাই আন্দ্রে সিলভা, পেনাফিয়েল ক্লাবের ২৫ বছর বয়সি মিডফিল্ডার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
এবার প্রয়াত ফুটবলারের পরিবারের পাশে দাঁড়াল লিভারপুল। পর্তুগিজ দৈনিক ‘রেকর্ডে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী: জোতার বাবা, মা ও স্ত্রীর হাতে ফুটবলারের সঙ্গে নির্ধারিত চুক্তির বাকি অর্থ তুলে দেওয়া হবে। পাঁচ বছরের চুক্তি শেষ হতে এখনও দু’বছর বাকি। বছরপিছু যার হিসেব প্রায় ৯.৯৪ মিলিয়ন ডলার। ফলে জোতার স্ত্রী ও সন্তানদের হাতে পৌঁছবে আনুমানিক ২০ মিলিয়ন ডলার।
এর আগেই জোতার মৃত্যুতে শোক প্রকাশ করে লিভারপুল। ক্লাবের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, ২০ নম্বর জার্সি ‘চিরদিনের জন্য অমর হয়ে থাকবে’। যদিও তা আনুষ্ঠানিকভাবে ‘রিটায়ার করা’ অর্থাৎ চিরতরে তুলে রাখা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু সামনে আসেনি।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুয়ায়ী, সামনের ডানদিকের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে জোতার গাড়ি সড়ক থেকে ছিটকে যায়, উলটে পড়ে এবং সবশেষে আগুন ধরে। অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন দিয়োগো জোতা।
পর্তুগিজ মিডফিল্ডার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ২০২০ সালে লিভারপুলে যোগ দেন। পাঁচ বছরে খেলেছেন ১৮২ ম্যাচ। করেছেন ৬৫ গোল। ক্লাবের হয়ে জিতেছেন চারটি ট্রফি: একটি এফএ কাপ, দুটি লিগ কাপ এবং গত মরশুমের প্রিমিয়ার লিগ। অন্যদিকে পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচে করেছেন ১৪ গোল। কিছুদিন আগে জিতলেন নেশনস লিগ। এর আগে জাতীয় যুবদলের হয়েও খেলেছেন ৩০টি ম্যাচ। জোতার ভাই ভাই আন্দ্রে সিলভা পেনাফিয়েল ক্লাবের নিয়মিত মিডফিল্ডার ছিলেন। খেলতেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনে।
শনিবার পর্তুগালের শহরতলি গন্ডোমার, যেখানে ছেলেবেলায় বেড়ে উঠেছেন দুই ভাই, সেখানেই তাঁদের শেষকৃত্যের আয়োজন করা হয়। হাজির ছিলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক, কোচ আর্নে স্লট, পর্তুগালের জাতীয় দলের ম্যানেজার রবার্তো মার্টিনেজ এবং বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজের মতো তারকা। শেষযাত্রায় মিশে যায় পরিবার, সতীর্থ এবং হাজারো সমর্থকের চোখের জল।