
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি
শেষ আপডেট: 17 January 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো : ভারতে আসছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। এই খবর কয়েকদিন আগেই সামনে এসেছিল। খবরটা পাওয়া মাত্রই ভারতীয় ফুটবল সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। কিন্তু, কবে ফুটবলের রাজপুত্র ভারতে আসবেন, সেই ব্যাপারে কোনও নির্দিষ্ট দিন উল্লেখ করা হয়নি। অবশেষে সেই তারিখটা প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, আগামী ২৫ অক্টোবর কেরালায় আসছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। সঙ্গে থাকবেন লিওলেন মেসিও। এই সফরে তিনি ২ প্রীতি ম্য়াচ খেলবেন। আর এই খবর শোনামাত্রই ভারতীয় ফুটবল সমর্থকরা রীতিমতো আনন্দের জোয়ারে ভাসতে শুরু করেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছরই (২০ নভেম্বর) মেসির ভারত আগমনের ব্যাপারটি নিশ্চিত করেছিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুল রহিম। তিনি বলেছিলেন, আগামী বছর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল দল ভারতে খেলতে আসবে। সেই দলের সঙ্গেই আসবেন লিওনেল মেসিও। তিনি আরও যোগ করেন, এই ব্যাপারে আর্জেন্টিনা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (আফা) সঙ্গে কথাবার্তাও অনেকদূর এগিয়ে গিয়েছে। অবশেষে মেসির ভারত আগমনের তারিখে সিলমোহর পড়ে গেল।
????✅Dates announced: Argentina National Team???????? including Lionel Messi will visit Kerala, India ???????? on 25th October to play 2 International Friendlies. pic.twitter.com/FmCj56mwoM
— Messi FC World (@MessiFCWorld) January 15, 2025
প্রসঙ্গত, ২০১১ সালে শেষবার মেসি ভারতে এসেছিলেন। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতিম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। যদিও একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওটামেন্ডি।
মেসির ভারতে আসার কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারত চড়তে শুরু করেছে। উল্লেখ্য, কেরলে প্রচুর ফুটবল ভক্ত রয়েছেন। তাঁদের মধ্যে সিংহভাগই আর্জেন্টিনার সমর্থক। এবারও সেই উন্মাদনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে? সেটা দেখার জন্য় আপাতত কয়েকটা মাস অপেক্ষা করতেই হবে।