এই হারের জেরে রিয়ালের লিগ–লড়াই আরও কঠিন হল। ক্রমশ নাগালের বাইরে সরে যাচ্ছে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো
শেষ আপডেট: 8 December 2025 10:39
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠেই বিপর্যয়। দু’খানা লাল কার্ড আর একাধিক ভুলের মাশুল জোড়া গোল হজম। যার জেরে ঘরোয়া মরশুমের দু’নম্বর পরাজয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্টা ভিগো (Celta Vigo) ২-০ স্কোরলাইনে জিতে নিল একতরফা ম্যাচে। এই হারের ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে হল চার পয়েন্ট।
ম্যাচের শুরু থেকেই রিয়ালের ছন্দপতন। টানা ছ’টি অ্যাওয়ে ম্যাচের পর ঘরের মাঠে খেলতে নেমেছিল জাভি আলোনসোর (Xabi Alonso) দল। কিন্তু কাউকে কোনও ছন্দে দেখা গেল না। রাইট–ব্যাক হিসেবে খেলেন রাউল আসেনসিও। মিলিতাও (Eder Militao) চোট পেয়ে বেরোনোর পর তড়িঘড়ি রুডিগারকে নামাতে হয়। তবু রক্ষণদুর্বলতা কাটল না।
প্রথমার্ধে খানকয়েক সুযোগ পেলেও গোল আসেনি। সেল্টার গোলরক্ষক ইওনুত রাডুর দুর্দান্ত সেভে ব্যর্থ হলেন বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র ও তরুণ আরদা গুলার। অন্যদিকে সেল্টা কম সুযোগ পেয়েও দুর্দান্তভাবে ম্যাচের গতিপ্রকৃতি বুঝে ফেলে।
ধাক্কা আসে দ্বিতীয়ার্ধে। বাম দিক থেকে ব্রায়ান জারাগোসার বারড়ানো ক্রসে অসাধারণ ব্যাক–হিল ফিনিশ উইলিওট স্বেডবার্গের—১-০ এগিয়ে যায় সেল্টা। ঠিক এরপরই নিয়ন্ত্রণ হারায় রিয়াল। বেলিংহামের মুখে চোট লাগে, পরের মিনিটে দু’নম্বর হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া (Fran Garcia)। শেষ ত্রিশ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।
সমতা ফেরানোর চেষ্টা করেছিলেন এমবাপে (Kylian Mbappé)। তাঁর লব গোলমুখে বিপজ্জনক হলেও ক্রসবারের ওপর দিয়ে যায়। বদলি গঞ্জালো গার্সিয়াও হেডার সোজা রাখতে পারেননি। শেষ দিকে দিশেহারা রিয়াল আরও বড় ধাক্কা খায়। সংযুক্ত সময়ে আলভারো কারেরাস (Alvaro Carreras) রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। নয় জনের প্রতিপক্ষকে সহজেই ভেঙে ফেলে সেল্টা। গোলদাতা উইলিওট। এবার গোলরক্ষক থিবো কুর্তোয়ার পাশ কাটিয়ে বল জালে ঠেলেন—২-০।
ম্যাচ শেষে ক্ষুব্ধ আলোনসো। বলেন, ‘রেফারিং আমার পছন্দ হয়নি। তবে এটা তিন পয়েন্টের ম্যাচ, আমাদের দ্রুত ভুল শুধরে নিতে হবে। সামনে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ!’
এই হারের জেরে রিয়ালের লিগ–লড়াই আরও কঠিন হল। ক্রমশ নাগালের বাইরে সরে যাচ্ছে বার্সেলোনা। অন্যদিকে দুরন্ত জয় নিয়ে লিগ টেবলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলল সেল্টা ভিগো।