কাতালান ডার্বিতে এস্পানিয়লকে উড়িয়ে দিল বার্সেলোনা! রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে হানসি ফ্লিকের ছাত্ররা। লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের দাপটে লা লিগা জয় কি এখন শুধু সময়ের অপেক্ষা? ম্যাচের বিস্তারিত রিপোর্ট পড়ুন।

দুরন্ত বার্সেলোনা
শেষ আপডেট: 12 April 2026 11:02
দ্য ওয়াল ব্যুরো: শেষ ল্যাপ যত এগচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে ছবিটা। উঠছে প্রশ্ন: বার্সেলোনা (Barcelona) কি কার্যত লা লিগা ট্রফিতে একহাত দিয়ে ফেলল? কাতালান ডার্বিতে এস্পানিয়লকে (Espanyol) ৪-১ স্কোরলাইনে গুঁড়িয়ে রিয়াল মাদ্রিদের (Real Madrid) থেকে ৯ পয়েন্ট এগিয়ে হানসি ফ্লিকের (Hansi Flick) দল। হাতে এখনও সাত ম্যাচ। কিন্তু তাতে এই ব্যবধান পেরনো কি নড়বড়ে রিয়ালের পক্ষে আদৌ সম্ভব? বিশেষজ্ঞদের মতে, ভিনি-এমবাপেদের সময় শেষ। লিগের ভাগ্য লিখে ফেলেছেন লামিন ইয়ামালরা।
গতকাল শুরু থেকে দাপট ছিল বার্সার। নায়ক লামিন ইয়ামাল (Lamine Yamal)। মাত্র ১৮ বছর বয়স। কিন্তু খেলার ধরন আর পরিপক্বতা দেখে বোঝার উপায় নেই। বাঁ-পায়ের জাদুতে অবধারিতভাবে মেসির কথা মনে পড়ছে। যার আরও এক নমুনা ফুটে উঠল ১০ মিনিটে, এল ম্যাচের প্রথম গোল। ইয়ামালের ইনসুইং কর্নার থেকে হেডে বল জালে জড়ান ফেরান তোরেস (Ferran Torres)।
২৫ মিনিটে আবার গোল, নেপথ্যে সেই একই জুটি। ইয়ামালের নিখুঁত পাস। এবার অফসাইড ট্র্যাপ ভেঙে একা দৌড়ে গোল করলেন তোরেস। প্রথমার্ধে ২-০। জয় কার্যত নিশ্চিত।
সেকেন্ড হাফে লড়াইয়ে ফেরার চেষ্টা করে এস্পানিয়ল। ৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে পল লোজানো (Pol Lozano) গোল করে ব্যবধান কমান। এই সময়টা একটু নড়বড়ে দেখাচ্ছিল বার্সাকে। রক্ষণে একাধিক ভুল। মিডফিল্ডও চাপে। কিন্তু সেই চাপ বেশিক্ষণ টেকেনি। সৌজন্যে বার্সার দুরন্ত আক্রমণভাগ। যা কাউন্টার অ্যাটাকে আরও ধারালো হয়ে ওঠে।
খেলার অভিমুখ একেবারে ঘুরতে যদিও ৮৭ মিনিট লেগে যায়। নায়ক আবার ইয়ামাল। গোলকিপারের ভুলে বল পায়ে। সহজ ট্যাপ-ইনে বল জালে জড়াতে এতটুকু নড়চড় হয়নি। স্কোরলাইন ৩-১। খেলা শেষ। ২ মিনিটের মধ্যে কফিনে অন্তিম পেরেকটি পুঁতলেন মার্কাস রাশফোর্ড (Marcus Rashford)। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের (Frenkie de Jong) ক্রস থেকে দুরন্ত ভলিতে চতুর্থ গোল। স্কোরলাইন আরও ঝকঝকে, বার্সার একচ্ছত্র আধিপত্যের প্রমাণ।
এই মুহূর্তে বার্সেলোনার ঝুলিতে ৭৯ পয়েন্ট। রিয়াল মাদ্রিদ ১-১ ড্র করেছে জিরোনার (Girona) সঙ্গে। ফলে ব্যবধান বেড়ে ৯ পয়েন্ট। হাতে সাত ম্যাচ। গণিতের হিসেবে লড়াই এখনও বাকি। সব সম্ভব। কিন্তু বাস্তবে? বার্সার ধারাবাহিকতা আর ইয়ামালদের ফর্ম বুঝিয়ে দিচ্ছে বার্সেলোনাকে থামানো কঠিন।