তবে প্রতিপক্ষের নাম দেখে মোটেও ভীত নন কালীঘাটের কোচ বিশ্বেশ্বর সিং। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী তিনি।

অনুশীলনে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন
শেষ আপডেট: 2 July 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: পুরোদমে শুরু হয়ে গিয়েছে আইএফএ পরিচালিত কলকাতা ফুটবল লিগের (IFA Kolkata Football League) প্রিমিয়র ডিভিশন (Premier Division)। ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। লাল-হলুদ ব্রিগেড নিজেদের প্রথম ম্যাচে মেসারার্সকে গোলের মালা পড়ালেও সবুজ-মেরুন জার্সিধারীরা নিজেদের প্রথম ম্যাচে পুলিশের কর্ডন ভাঙতে পারেনি। তারা এক গোলে হেরে মাঠ ছেড়েছে সোমবার।
মোহনবাগান ও ইস্টবেঙ্গল গত কয়েক মরশুম ধরেই সেরা দল খেলাচ্ছে না কলকাতা লিগে। ময়দানের এই দুই প্রধান শতবর্ষ প্রাচীন এই লিগ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে তুলে আনতে চাইছে। তবে তরুণ দল নিয়েও ইস্টবেঙ্গল গত কয়েক মরশুম ধরে এই লিগে সাফল্য বজায় রেখেছে, যেখানে মোহনবাগানকে ব্যর্থই বলা যায়। গত মরশুমে তারা সুপার সিক্সেও উঠতে পারেনি।
বৃহস্পতিবার মেরিনার্স নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কালীঘাট স্পোর্টস লাভার্স অস্যোসিয়েশনের বিরুদ্ধে (Kalighat Sports Lovers Association)। কালীঘাটের এই দলটিকে নিয়ে প্রচুর প্রত্যাশা রয়েছে। দলের টিডি হিসাবে যোগ দিয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা আই লিগ জয়ী কোচ সাবির আলি। বাংলাকে কোচিং করিয়ে সন্তোষ ট্রফিও এনে দিয়েছেন ইস্টবেঙ্গল ও মহামেডানের এই প্রাক্তন ফুটবলার। একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে কালীঘাট এসএলএ-কে সুপার সিক্সে তুলতে তিনি বদ্ধপরিকর।
তবে কালীঘাটের শুরুটাও অবশ্য ভাল হয়নি। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট এক। প্রথম ম্যাচে পুলিশের সঙ্গে ড্র করার পর শেষ ম্যাচে তারা ০-২ গোলে হেরে গিয়েছিল মামনি পাঠচক্রের বিরুদ্ধে। আগামিকাল নৈহাটিতে তাদের প্রতিপক্ষ মোহনবাগান।
তবে প্রতিপক্ষের নাম দেখে মোটেও ভীত নন কালীঘাটের কোচ বিশ্বেশ্বর সিং। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী তিনি। বিশেষ কাজে কলকাতার বাইরে গিয়েছেন দলের টেকনিক্যাল ডিরেক্টর সাবির আলি। তাই মোহনবাগান ম্যাচে দায়িত্ব থাকছে বিশ্বেশ্বর সিংয়ের কাঁধেই।
কালীঘাটের কোচ বলেছেন, “আমদের সিএফএলের ২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সেখান থেকে আমরা একটি মাত্র পয়েন্ট সংগ্রহ করতে পেরেছি। মোহনবাগানের বিরুদ্ধে আমরা ড্রয়ের জন্য নামব না। আমদের আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। তবে আমরা অনুশীলনের জন্য খুব কম সময় পেয়েছি। পরবর্তী ম্যাচে আমরা ভাল ফল করব, আমরা আশাবাদী।”
প্রতিপক্ষ মোহনবাগান সম্পর্কে বিশ্বেশ্বর বলেছেন, “আমরা পুলিশের সঙ্গে ড্র করেছি, অন্যদিকে মোহনবাগান পুলিশের সঙ্গে ম্যাচ হেরেছে। আমদের সুযোগ আছে, আশা করি মোহনবাগানকে হারাতে পারব। বৃহস্পতিবার মোহনবাগান বিরুদ্ধে ম্যাচ আমদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। আমরা চাইব ম্যাচ জিতে মাঠ ছাড়তে। দলের খেলয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছি আমি। এবার ম্যাচের রেজাল্ট কথা বলবে। মোহনবাগান এই ম্যাচ জেতার জন্য নিজের সেরাটা দেবে, কিন্তু আমরাও কোনও দিক থেকে পিছিয়ে নেই।”