
ভারতীয় দলে বাঙালি ফুটবলার প্রসঙ্গে মন্তব্য করলেন ব্যারেটো
শেষ আপডেট: 9 November 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ভারতীয় ফুটবলের সমার্থক ছিল বাংলা। ইতিমধ্যে কত যে বাঙালি ফুটবলার দেশের মাথা আরও উঁচু করেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। সেই তালিকায় নাম রয়েছে পিকে ব্যানার্জী, চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য্যদের।
কিন্তু, সম্প্রতি মালয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচ খেলার জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ফুটবল দল। কিন্তু, সবথেকে দুঃখের বিষয় হল, এই স্কোয়াডে একজনও বাঙালি ফুটবলারকে রাখা হয়নি। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে। বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন। নিয়মিত গোলও করছেন তিনি। কিন্তু, শুভাশিসকে পর্যন্ত এই দলে রাখা হয়নি।
অবশেষে এই ব্যাপারেই মুখ খুললেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হোসে ব়্যামিরেজ ব্যারেটো। দ্য ওয়ালকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে ব্যারেটো বললেন, 'এই সিদ্ধান্তে আমরা সকলেই বেশ হতবাক হয়েছি। শুভাশিস, প্রীতম সকলেই তো বেশ ভাল খেলছে। তবে আমার মনে হয়, বয়স এখানে একটা ফ্যাক্টর হতে পারে। এই প্রথমবার এমন ঘটনার সাক্ষী আমরা হলাম। তবে আমার মনে হয়, এই সিদ্ধান্ত বাংলা তথা কলকাতা ফুটবলের চোখ খুলে দেবে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ব্যাপারটা নিয়ে সত্যিই এবার চিন্তাভাবনা করার সময় এসেছে। ক্লাবের পাশাপাশি অ্যাসোসিয়েশনও এই ব্যাপারটা নিয়ে ভাবুক। আমরা কী করছি এবং আমাদের কী করা উচিত, সেটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত। তবে আমি একথাও বলব যে এখনও সব দরজা বন্ধ হয়ে যায়নি। এটা থেকে আমাদের উচিত শিক্ষা গ্রহণ করা দরকার।'