আজকের রাতটা ইতালির জন্য নির্ণায়ক। জিতলে এগনোর পথ খোলা। হারলে—নিকষ অন্ধকার।

ইতালির স্বপ্ন দোনারুমার দস্তানায়
শেষ আপডেট: 26 March 2026 14:30
দ্য ওয়াল ব্যুরো: আজ রাতের ম্যাচে নির্ধারিত হতে পারে ভাগ্য। ইতালি (Italy Football Team)… বিশ্বফুটবলের অন্যতম শক্তিশালী দল। অথচ সাম্প্রতিক ইতিহাস বলছে, বিশ্বকাপে জায়গা পাওয়াটাই আপাতত তাদের কাছে কঠিন চ্যালেঞ্জ! সেই চাপ নিয়ে আজ ঘরের মাঠে নামতে চলেছে আজুরি ব্রিগেড। প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড (Northern Ireland Football Team)। আজ হারলেই ছুটি, পরপর তিনটি বিশ্বকাপে খেলতে না পারার যন্ত্রণা সইতে হবে। জিতলেও নিশ্চিত হয়। নামতে হবে চূড়ান্ত যুদ্ধে!
বাঁচা-মরার লড়াই
উপলক্ষ্য: ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) ইউরোপীয় প্লে-অফ সেমিফাইনাল। ভেন্যু: বার্গামোর গেউইস স্টেডিয়াম (Gewiss Stadium)। ইতালির কাছে ম্যাচটা শুধু একটা খেলা নয়, সম্মান বাঁচানোর লড়াই। কোচ জেনারো গাত্তুসোর (Gennaro Gattuso) ছেলেদের ঘাড়ে চাপ তাই পাহাড়প্রমাণ! কোয়ালিফায়ারে নরওয়ের পিছনে শেষ করায় প্লে-অফে নামতে হয়েছে। এখন আর ভুলের জায়গা নেই।
প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড হালকাভাবে নেওয়ার দল নয়। নেশনশ লিগ (UEFA Nations League) জিতে প্লে-অফে এসেছে তারা। সুযোগ পেলে চমক দিতেই প্রস্তুত।
পরিসংখ্যান কী বলছে?
দুই দলের লড়াইয়ের ইতিহাস আজুরিদের পক্ষে। মোট ১০ বার মুখোমুখি সাক্ষাতে ইতালির জয় ৬, ড্র ২। নর্দার্ন আয়ারল্যান্ডের একমাত্র সাফল্য আসে ১৯৫৮ সালে। অর্থাৎ, গল্প বেশ পুরনো। তবে পরিসংখ্যান, অতীত ম্যাচ জেতায় না। ফুটবলে একদিনের খেলায় সবকিছু বদলে যেতে পারে।
প্রসঙ্গত, এটাই শেষ চ্যালেঞ্জ নয়। আজকের ম্যাচের বিজয়ী দল খেলবে ওয়েলস (Wales) অথবা বসনিয়া ও হার্জেগোভিনার (Bosnia & Herzegovina) বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে মিলবে বিশ্বকাপের গ্রুপ পর্বের টিকিট।
ম্যাচ দেখবেন কোথায়?
এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে চাইলে চোখ রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। লাইভ স্ট্রিমিং সোনি লিভ অ্যাপে (SonyLIV)। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু রাত ১টা ৩০ মিনিটে।
সব মিলিয়ে, আজকের রাতটা ইতালির জন্য নির্ণায়ক। জিতলে এগনোর পথ খোলা। হারলে—নিকষ অন্ধকার।