.webp)
জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস
শেষ আপডেট: 30 October 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিং ম্যাচ থেকেই কার্যত ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা সাত ম্য়াচে আপাতত তারা রয়েছে অপরাজেয়। কলকাতা ডার্বি ম্য়াচ জয়ের ১১ দিন পর ফের মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে তারা জয় ছাড়া আপাতত কিছুই ভাবছে না। বুধবার (৩০ অক্টোবর) হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে।
হায়দরাবাদ এফসি-র হেড কোচ থাংবোই সিংটো কিন্তু সবুজ-মেরুন ব্রিগেডকে হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান।
অন্যদিকে, মোহনবাগান গত ৭ ম্যাচের মধ্যে আবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে চার ম্য়াচে জয়লাভ করেছে। দুটো ম্য়াচ ড্র করেছে এবং একটি ম্য়াচে তারা হেরে গিয়েছে। ফলে এই ম্যাচেও তারা জয়ের পরিসংখ্যান বাড়াতে চায়। তবে ঘরের মাঠে হায়দরাবাদকে হারানো যে খুব একটা সহজ হবে না মেরিনার্সদের কাছে, তা বলাই বাহুল্য।
গত ম্য়াচে পরিকল্পনা অনুসারে যেভাবে হায়দরাবাদ এফসি পারফরম্য়ান্স করেছে, সেই ব্যাপারে ভরপুর প্রশংসা করলেন থাংবোই সিংটো। জানালেন, দলের প্রত্যেক ফুটবলার যথেষ্ট ভালভাবে ওয়াকিবহাল। তাঁর আশা, মোহনবাগানের বিরুদ্ধেও তাঁর দল এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।
সিংটো বললেন, 'মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আমি দলের ফুটবলারদের বলেছিলাম যে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম ১৫-২০ মিনিট আমরা যে পারফরম্য়ান্স করেছিলাম, সেটাই আবারও করতে হবে। এই পরিকল্পনা অনুসারে ওরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করে। ফরোয়ার্ড লাইন থেকে মাঝমাঠ, দলের প্রত্যেক ফুটবলারই নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। একটা অংশ বোঝার চেষ্টা করে, অন্য অংশ পরিকল্পনা বাস্তবায়িত করে। আর আমার দল পরিকল্পনা অনুসারে যথেষ্ট ভালভাবে খেলতে পারে।'
অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনার আশা, বুধবারের ম্য়াচে তাঁর দল যথেষ্ট ভালো ডিফেন্স করতে পারবে। রক্ষণভাগ শক্তিশালী হলে তবেই একমাত্র জয় সম্ভব।
মলিনা বললেন, 'আমাদের শুধুমাত্র আক্রমণভাগেই উন্নতি করলে চলবে না, রক্ষণভাগকেও শক্তিশালী হতে হবে। শুধুমাত্র রক্ষণ এবং আক্রমণভাগ নিয়ে আলোচনা করলেই আমাদের চলবে না। গোটা দল কীভাবে সামগ্রিক ভাল পারফরম্য়ান্স করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ১১ জন ফুটবলারকে ডিফেন্সের পাশাপাশি আক্রমণও করতে হবে। গত কয়েকটা ম্যাচে এই পরিকল্পনাতেই আমরা সফল হয়েছি।'