
কার্লেস কুয়াদ্রাত এবং হোসে মোলিনা
শেষ আপডেট: 4 September 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। আসন্ন এই মরশুমে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করতে চলেছে। তবে এবারের আইএসএল টুর্নামেন্টে এক নতুন নিয়ম চালু হতে চলেছে।
আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে 'কনকাশন সাব' দেখতে পাওয়া যাবে। ক্রিকেট সমর্থকদের কাছে এই শব্দটি অবশ্য একেবারেই নতুন নয়। কোনও ক্রিকেটারের মাথায় আঘাত লাগলে, তাঁকে তৎক্ষণাৎ মাঠ থেকে তুলে নেওয়া হয়। তাঁর বদলে অন্য একজন ক্রিকেটার মাঠে নামেন। এবার আইএসএল টুর্নামেন্টেও এই একই নিয়ম লাগু হতে চলেছে।
এক একটি ম্যাচে প্রত্যেক দল পাঁচটি করে পরিবর্তন করতে পারবে। যদি কোনও ফুটবলার মাথায় চোট পান, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হবে। বদলে নামানো হবে অন্য এক ফুটবলারকে। কিন্তু, যদি কোনও দল পাঁচটি পরিবর্তন করে ফেলার পরও কোনও ফুটবলার মাথায় চোট পান? সেক্ষেত্রেও পরিবর্তন করা সম্ভব হবে। এতদিন ধরে এমন কোনও নিয়ম অবশ্য ফুটবলে ছিল না। যদি কোনও ফুটবলার মাথায় চোটও পেত, তাঁকে শেষপর্যন্ত মাঠ ছেড়ে উঠেই যেতে হত।
প্রসঙ্গত, বুধবার (৪ সেপ্টেম্বর) কলকাতার একটি পাঁচতারা হোটেলে আইএসএলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। আসন্ন টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করতে চলেছে। তবে এই বৈঠকে সাতটি দল অংশগ্রহণ করেছিল। মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, সুহেল ভাট, আশিক কুরুনিয়ার ও কোচ হোসে মোলিনা। ইস্টবেঙ্গলের হয়ে ছিলেন ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তী, হেক্টর ইউৎসে ও কোচ কার্লেস কুয়াদ্রাত।