
মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করল টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 18 November 2024 21:16
দ্য ওয়াল ব্যুরো: মানোলো মার্কোয়েজের কোচিংয়ে আরও একবার জয় অধরাই রইল ভারতীয় ফুটবল দলের। সোমবার (১৮ নভেম্বর) হায়দরাবাদের গাছিবাওলি স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আর এই ড্রয়ের পরই মার্কোয়েজের কোচিং নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
এই ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া বেশ চাপ দিতে শুরু করে। মাত্র ১৯ মিনিটের মাথায় তারা ১-০ গোলে এগিয়ে যায়। গোল করেন পাওলো জোশু। বলটা ধরার জন্য গুরপ্রীত অনেকটা এগিয়ে এসেছিলেন। কিন্তু, লাইন মিস করেন তিনি। কার্যত ফাঁকা গোলেই বলটা জড়িয়ে এগিয়ে যায় মালয়েশিয়া।
তবে লড়াই করে কামব্যাক করে টিম ইন্ডিয়া। ৩৯ মিনিটে ভারতীয় ফুটবল দলের হয়ে সমতা ফেরালেন রাহুল ভেকে। ব্রেন্ডনের কর্নার কিক থেকে ভাসানো বল বক্সের মধ্য়ে এসেছিল। রাহুলের নিখুঁত হেড এই ম্যাচের স্কোর ১-১ করে।
তবে মালয়েশিয়ার বিরুদ্ধে এই ড্র মানোলোর মার্কশিটে কিন্তু একটা লাল কালি ফেলে দিল। আসলে মানোলো ভারতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি।
তবে এই ম্যাচটা ভারত যে ভাগ্যের জোরে ড্র করেছে, তা বলা যেতেই পারে। কারণ ৯২ মিনিটে মালয়েশিয়ার ফুটবলার তিয়েরনে হেড দিয়ে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু, বলটা গোলপোস্টে ধাক্কা খেয়ে ফিরে আসেন। গুরপ্রীত কার্যত পুতুলের মতো দাঁড়িয়ে থাকেন। প্রতিহত বলে আবারও শট নেন রশিদ। কিন্তু, এবার গুরপ্রীতের হাতে লেগে তা বেরিয়ে যায়।
ইতিপূর্বে, মরিশাসের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল গোলশূন্য ড্র করেছিল। গত সেপ্টেম্বর মাসে সিরিয়ার বিরুদ্ধে ০-৩ গোলে হেরে যায় ভারত। অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে একটা প্রীতিম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু, সেই ম্যাচটাও ১-১ গোলে ড্র হয়ে যায়। আর অবশেষে মালয়েশিয়ার বিরুদ্ধেও কপাল খুলল না।