গত বছর প্রিমিয়ার ডিভিশনে প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলানো ব্যাধতামূলক ছিল। এবারে তা বাড়িয়ে করা হয়েছে পাঁচ জন।

আইএফএ-র বৈঠক
শেষ আপডেট: 16 May 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ফুটবলারদের (Bengal Football) তুলে আনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইএফএ (IFA)। আসলে একসময় ভারতীয় ফুটবল দল মানেই ছিল বাঙালি ফুটবলারদের প্রাধান্য। কিন্তু বঙ্গ ফুটবলের সেই গৌরব অনেকদিন ধরেই অস্তমিত। ভারতীয় ফুটবল দলে এখন বাঙালি খুঁজতে গেলে আতশ কাচেও কাজ হয় না। প্রদীপের সলতের মতো শুধু টিকে আছেন শুভাশিস বসু। তাই বাঙালি ফুটবলার তুলে আনতে এবার বিশেষ পদক্ষেপ নিলেন বাংলা ফুটবলের হর্তা-কর্তা-বিধাতারা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে (Kolkata Football League Premier Division) বাড়ছে (Increasing) ভূমিপুত্রের (Bengali Footballers) সংখ্যা। গত বছর প্রিমিয়ার ডিভিশনে প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলানো ব্যাধতামূলক ছিল। এবারে তা বাড়িয়ে করা হয়েছে পাঁচ জন। বৃহস্পতিবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারে প্রিমিয়ার ডিভিশনের ছাব্বিশটি দলকে দু’টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা তিনটি দল নিয়ে মোট ছয়টি দলের সুপার সিক্স রাউন্ড খেলা হবে। তবে একই গ্রুপে থাকা দলগুলি সুপার সিক্স রাউন্ডে পরস্পরের বিরুদ্ধে খেলবে না।
বৃহস্পতিবার ক্লাব প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশশিস সরকার, সহ-সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ-সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখোপাধ্যায়, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফলরঞ্জন গিরি।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বাংলার ফুটবলে নতুন করে জোয়ার এসেছে। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলার ফুটবলে নতুন দিশা দেখা গিয়েছে। তাই কলকাতা লিগে বাংলার ফুটবলারদের সংখ্যা বাড়িয়ে তাঁদের আরও খেলার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে ঘরের ছেলেদের মধ্যে দলে সুযোগ পাওয়ার লড়াই আরও বাড়বে।