স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে—এরপর কে? ক্লাব সূত্রে জানা যাচ্ছে, দ্রুত নতুন কোচ নিয়োগ করা হবে। নাম ঘুরছে রবার্তো দে জার্বির।

ইগর টুডর
শেষ আপডেট: 30 March 2026 16:52
দ্য ওয়াল ব্যুরো: আবার কোচ বদল। আবার অনিশ্চয়তা। টটেনহ্যাম হটস্পারে (Tottenham Hotspur) যেন একই গল্পের পুনরাবৃত্তি! এবার বলির পাঁঠা ইগর টুডর। মাত্র ৪৪ দিনের মাথায় দায়িত্ব ছাড়লেন। ক্লাবের তরফে জানানো হয়েছে, পারস্পরিক সম্মতিতেই এই বিচ্ছেদ। কিন্তু বাস্তব বলছে—মাঠের ফলই ‘উপসংহার’ লিখে দিয়েছে।
সাত ম্যাচে এক পয়েন্ট—সংখ্যাতেই লুকিয়ে উত্তর
ফেব্রুয়ারির মাঝামাঝি দায়িত্ব নিয়েছিলেন টুডর। থমাস ফ্র্যাঙ্কের (Thomas Frank) জায়গায় এসে দলকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ ছিল। কিন্তু সাত ম্যাচে মাত্র এক পয়েন্ট—এই রেকর্ডে মসনদে টিকে থাকা অসম্ভব। কার্যক্ষেত্রে সেটা হয়ওনি! প্রিমিয়ার লিগে (Premier League) পরপর পরাজয়, রক্ষণে ভাঙন, নিষ্প্রাণ আক্রমণ—সব মিলিয়ে দল দ্রুত নেমে আসে পয়েন্ট তালিকার তলার দিকে। শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের (Nottingham Forest) কাছে ৩-০ ব্যবধানে অসহায় আত্মসমর্পণ কার্যত কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। এই হার ছিল পাঁচ ম্যাচে চতুর্থ। যার জেরে লিগ টেবিলে দল আপাতত ১৭ নম্বরে—অবনমনের একেবারে ধারে!
লিভারপুলকে রুখে দিয়েও শেষরক্ষা হল না
টুডরের সময়কালের উজ্জ্বল দিক—চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) বিরুদ্ধে জয় ও লিভারপুলকে অ্যানফিল্ডে আটকে দেওয়া। কিন্তু তাতে লাভের লাভ হল না। প্রথম লেগে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে স্পার্সকে। ওই ম্যাচেই সামনে চলে আসে সমূহ দুর্বলতা—প্রথম ২২ মিনিটে চার গোল খাওয়া, অনভিজ্ঞ গোলকিপার আন্তোনিন কিনস্কিকে (Antonin Kinsky) নির্বাচনের মতো কঠিন সিদ্ধান্ত। সব মিলিয়ে অস্থিরতা ছিল স্পষ্ট।
সমস্যার শেকড় কোথায়?
চলতি মরসুমে এই নিয়ে টটেনহ্যামের তৃতীয় কোচ বদল। সবার আগে অঁজ পস্টেকোগলু (Ange Postecoglou), তারপর থমাস ফ্র্যাঙ্ক, এবার টুডর। একই দৃশ্য ২০২২-২৩ মরসুমেও দেখা গিয়েছিল। অর্থাৎ, সমস্যা শুধু কোচ বাছাইয়ে নয়—বড় গলদ দলের অন্দরে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের বড় অংশ। টানা কোচ বদল মানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব। আর তার ফলাফল ময়দানে স্পষ্ট।
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে—এরপর কে? ক্লাব সূত্রে জানা যাচ্ছে, দ্রুত নতুন কোচ নিয়োগ করা হবে। নাম ঘুরছে রবার্তো দে জার্বির (Roberto De Zerbi)। যদিও এক পক্ষের মত, তিনি সামনের সিজনের আগে দায়িত্ব নিতে আগ্রহী নন। আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন ব্রুনো সালতোর (Bruno Saltor)। কিন্তু গদিতে যিনিই বসুন না কেন, অবনমনের চাপ, অস্থির ড্রেসিংরুম, আর ধারাবাহিকতার অভাব—এই তিন সমস্যার সমাধান না হলে টটেনহ্যামের জন্য সামনের পথ মোটেও সহজ নয়।