
দেখে নিন, ভারত বনাম বাংলাদেশ ফুটবল ম্য়াচের পরিসংখ্যান
শেষ আপডেট: 10 December 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। খেতাবি লড়াইয়ে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে আরও একবার ভারত এবং বাংলাদেশের মধ্যে ময়দানি লড়াই দেখতে পাওয়া যাবে। কবে এবং কোথায়? আসুন জেনে নেওয়া যাক।
২০২৭ এএফসি এশিয়ান কাপের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী গ্রুপের ঘোষণা করা হল। আর গ্রুপ সি-তে ভারত এবং বাংলাদেশ একসঙ্গে রয়েছে। এছাড়াও রয়েছে হংকং এবং সিঙ্গাপুর। সোমবার (৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেড কোয়ার্টারে এই ড্র অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এই যোগ্যতা অর্জনকারী পর্বে ২৪টি দলকে ৬টি গ্রুপ ভাগ করা হয়। প্রত্যেকটা গ্রুপে প্রথম স্থানে যে দল থাকবে, তারা সরাসরি ২০২৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারবে। সি গ্রুপে আপাতত প্রথম স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল। আর চতুর্থ স্থানে বাংলাদেশ।
কিন্তু, কবে হবে এই ভারত বনাম বাংলাদেশ ম্যাচ? আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নামবে ভারত। আর ১৮ নভেম্বর বাংলাদেশে খেলতে যেতে হবে ভারতকে। এই দুটো ম্যাচের দিকে গোটা দেশ যে আপাতত তাকিয়ে রয়েছে, তা বলা যেতেই পারে।
১৯৮৮ সালে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশ। আবু ধাবিতে আয়োজিত এই ম্যাচে কোনও দলই গোল করতে পারেনি। তবে ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট আটটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে ভারত চারটে ম্যাচ জিতলেও বাংলাদেশ একটাতেও জিততে পারেনি। আর মোটের উপর ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট ২৮ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ১৩ ম্যাচে হেরেছে বাংলাদেশ। পাশাপাশি ১২ ম্যাচ ড্র হয়েছে।