হাজার ডলার দিয়েও মিলছে কর্নারের সিট! ফিফা বিশ্বকাপের টিকিট কেনা নিয়ে তুঙ্গে বিতর্ক। প্রিমিয়াম ক্যাটাগরি বুকিংয়ের নামে কি প্রতারণা করছে ফিফা? স্টেডিয়ামের ম্যাপ বদল ও টিকিটের অস্বাভাবিক দাম নিয়ে ক্ষুব্ধ হাজারো দর্শক। বিস্তারিত পড়ুন।

ছবি: গুগল
শেষ আপডেট: 13 April 2026 15:20
দ্য ওয়াল ব্যুরো: হাজার ডলার দিয়ে বিশ্বকাপের সেরা টিকিট কিনেছিলেন। মাঠের কাছের সিট পাবেন—এই আশায়। কিন্তু আসন বরাদ্দ হতেই দেখা গেল, সিট গোলপোস্টের পেছনে বা কর্নারে। আর সেই প্রিমিয়াম আসন? ‘অবিক্রীত’ দেখিয়ে এখন তিনগুণ দামে বিক্রি হচ্ছে। ফিফার (FIFA) এই তুঘলকি কাণ্ডে ক্ষুব্ধ হাজারো দর্শক।
ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) আয়োজিত হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। গত বছর থেকে চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু হয়। ক্যাটাগরি ১ সবচেয়ে দামি, মানে সেরা আসন।
বুক করার আগে প্রতিটি স্টেডিয়ামের রঙিন ম্যাপ দেখানো হয়। সেখানে দেখা যাচ্ছিল, ক্যাটাগরি ১ কিনলে মাঠের নিচতলার সাইডলাইন থেকে শুরু করে বিভিন্ন ভাল জায়গায় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ গত সপ্তাহে যখন নির্দিষ্ট আসন বরাদ্দ হল, অনেক ক্যাটাগরি ১ কেনা গ্রাহক দেখলেন—তাঁদের আসন পড়েছে কর্নারের পাশে বা গোলপোস্টের পেছনে। আরও বড় সমস্যা—যে সাইডলাইনের আসন দেখানো হয়েছিল, সেগুলো আসলে কেউ-ই পায়নি। কারণ হিসেবে বলা হচ্ছে, ওই সমস্ত সিট নাকি আগে থেকেই কর্পোরেট হসপিটালিটি প্যাকেজের জন্য সরিয়ে রাখা হয়। অথচ বুকিংয়ের মানচিত্রে তা নজরে আসেনি।
এটুকুই পুরো ছনি নয়। বিক্রির সময়জুড়ে ফিফা একাধিকবার স্টেডিয়ামের নকশা বদলেছে—কোনও ঘোষণা ছাড়াই। যাঁরা শুরুতে টিকিট কেনেন, তাঁরা এক ম্যাপ দেখে সিদ্ধান্ত নেন। পরে সেটা মেলেনি।
নিউ ইয়র্কের দর্শক অ্যান্ড্রু সোয়ার্ট (Andrew Swart) ফিফার রিসেল সাইটে একটি ক্যাটাগরি ১ টিকিট কেনেন প্রায় ৭২ হাজার টাকায়। আসন পেলেন যে জায়গায়, সেটা কেনার সময় ক্যাটাগরি ২ হিসেবে দেখানো হল। সোয়ার্টের মন্তব্য, ‘যত টাকা লাগছে আর আসন যেখানে জুটছে… দুইয়ের মধ্যে তফাৎ বিশাল। ফিফার উপর আস্থা ছিল না। এই কাণ্ড সেটা প্রমাণ করল!’ আরেক দর্শক কিয়ারা গিলমোর কথায়, ‘এক জিনিস কিনতে গিয়ে অন্যটা পেলাম। তারপর ম্যাপও বদলে দিল। এটা হতাশাজনক!’
বিতর্ক শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই নজরে এল আরও অবাক করা ব্যাপার। ইতিমধ্যে নতুন ক্যাটাগরি চালু করেছে ফিফা—‘ফ্রন্ট ক্যাটাগরি ১’। সেই আসনগুলোই, যেগুলো ক্যাটাগরি ১ কিনদারদের পাওয়ার কথা ছিল। দাম? অনেক ক্ষেত্রে তিনগুণ। আর্জেন্তিনার গ্রুপ ম্যাচে ক্যাটাগরি ১-এর দাম ছিল প্রায় ৬৪ হাজার টাকা। ফ্রন্ট ক্যাটাগরি ১-এর দাম বেড়ে প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা। আমেরিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ক্যাটাগরি ১ বিক্রি হচ্ছে ৮০ হাজার টাকায়। কিন্তু সামনের সারির আসনের দাম প্রায় ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
দর্শকদের অভিযোগ, ম্যাপে ভাল আসন দেখিয়ে প্রথমে সাধারণ দামে টিকিট বিক্রি করা হয়েছে। তারপর সেই ভালো আসন তিনগুণ দামে ছেড়ে দেওয়া হচ্ছে। যে কারণে ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবছেন অনেকে। যদিও বিতর্ক মুছে ইনফান্তিনোদের জবাব—মানচিত্রগুলো ‘সাংকেতিক’, নির্দিষ্ট আসনের নিশ্চয়তা নয়। ক্ষুব্ধ দর্শকদের পালটা প্রশ্ন—এত টাকা দিয়ে কেনার আগে এই ব্যাখ্যা কেন দেওয়া হয়নি?