
দেবাশিস প্রধান
শেষ আপডেট: 22 November 2024 00:00
দ্য ওয়াল ব্যুরো: একসময়ে বাংলার ফুটবল মাঠে দাপাতেন। খেলেছেন তিন প্রধানের অন্যতম মহামেডানের হয়ে। সেই প্রাক্তন ফুটবলার দেবাশিস প্রধানের অস্বাভাবিক মৃত্যু। বুধবার গভীর রাতে নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা। তবে কোনও সুইসাইড নোট মেলেনি।
বৃহস্পতিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘটনা সম্পর্কে একটি পোস্ট করা হয়। স্বাভাবিকভাবেই তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে তাঁর মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। সত্যি কি তিনি আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
২০১৭-১৮ মরসুমে দেবাশিস খেলেছিলেন মহামেডানের হয়ে। এছাড়াও শহরের বেশ কিছু ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। ইদানীং আর খেলার জগতের সঙ্গে যোগসূত্র ছিল না তাঁর। হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন ২৭ বছরের যুবক। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন দেবাশিস।