
ডিয়ামন্টাকোস
শেষ আপডেট: 30 November 2024 00:01
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থইস্ট। বেশ কঠিন দলকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলেছে লাল হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেন ডিয়ামন্টাকোস। ২৩ মিনিটে করা তাঁর হেডে গোল বহু কাঙ্খিত জয় এনে দিয়েছে লাল হলুদ সমর্থকদের জন্য।
ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে ডিয়ামন্টাকোস জানান, "আমাদের কোচ অনুশীলনে যা শিখিয়েছিলেন সেটা ভালভাবে আমরা আজ মাঠে দেখাতে পেরেছি। এই জয় পায়ে আমি খুশি।" একই সঙ্গে তিনি সমর্থকদের জন্য বার্তা দেন, "আমরা সবাই আমাদের সেরাটা দিচ্ছি। আগামী দিনেও ভাল করব। আমাদের ওপর বিশ্বাস রাখুন।"
ম্যাচ জিতে বেশ খোস মেজাজে দেখা যায় ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কারকেও। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, "এই জয় পেয়ে আমি বেশ খুশি। কিন্তু, বাকি সব ম্যাচ আমাদের ফাইনালের মতো খেলতে হবে। পরের ম্যাচটাও আমদের জিততে হবে। এই জয় আমদের দলে বাড়তি অক্সিজেন জোগাবে।"
এই জয় ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে একটা উপহারের মতো। যদিও ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শেষ স্থানেই রয়েছে। তবে এই জয়ের পর লাল হলুদ শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।
তবে এই ম্যাচে রেফারিং নিয়েও সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁদের দাবি, একটি ন্যায্য পেনাল্টি থেকে তাঁদের বঞ্চিত করেছেন রেফারি রাহুল কুমার গুপ্তা। পরের ম্যাচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। প্লে-অফে উঠতে গেলে প্রত্যেকটা ম্যাচই আপাতত জিততে হবে লাল-হলুদ ব্রিগেডকে।