
ইস্টবেঙ্গলের অভিজ্ঞ তারকা হিজাজি মাহের
শেষ আপডেট: 29 October 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আর কিছুক্ষণের মধ্যে অগ্নিপরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল এফসি। তবে এই লড়াইটা লাল-হলুদ ব্রিগেডের কাছে একেবারে সহজ হবে না। যদিও আপাতত জয় ছাড়া কিছুই ভাবছেন না ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁ।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসে তিনি বললেন, 'এই ম্যাচে আবেগের কোনও জায়গা নেই। যাবতীয় আবেগ মাঠের বাইরে রেখে আসতে হবে। গোটা দলকে আপাতত এই ম্য়াচেই ফোকাস করতে হবে। যাবতীয় আবেগ আমি ম্যাচের পরই দেখাতে পারি।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৬ বছর বসুন্ধরা কিংসকে কোচিং করিয়েছেন অস্কার। মঙ্গলবার সেই পুরনো দলের বিরুদ্ধেই তাঁদের খেলতে হবে। অস্কারের কোচিংয়ে বসুন্ধরা পাঁচটি লিগ জিতেছে। অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেও। তবে এবার প্রাক্তন দলের বিরুদ্ধেই লড়াইয়ে নামছেন এই স্প্যানিশ কোচ।
রাত সাড়ে আটটা থেকে থিম্পু স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। গত ম্যাচে পারো এফসি-র বিরুদ্ধে ড্র করেছিল লাল-হলুদ ব্রিগেড। টানা আট ম্য়াচ পরে ফের ১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এবার বসুন্ধরার বিরুদ্ধে তারা তিন পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা, আপাতত সেটাই দেখার।