
গোল করার পর দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের উচ্ছ্বাস
শেষ আপডেট: 30 November 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো : যাবতীয় হতাশা কাটিয়ে উঠল ইস্টবেঙ্গল এফসি। এবারের আইএসএল টুর্নামেন্টে তারা প্রথম জয়লাভ করেছে। শুক্রবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা ১-০ গোলে জিততে পেরেছে।
এবারের আইএসএল টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভাল করেনি মশালবাহিনী। প্রথম সাত ম্যাচে তাদের কাছে অধরা ছিল জয়। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটা ড্র গোটা দলের শরীরী ভাষা বদলে দিয়েছে। আবারও সেই পুরনো ঝাঁঝ দেখতে পাওয়া গেল লাল-হলুদ ব্রিগেডের মধ্যে।
অনেকেই হয়ত বলছেন যে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে জয়লাভ করলেও, ইস্টবেঙ্গল এখনও ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের লাস্ট বয়। গত আট ম্যাচে তারা ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু, দলটা যেভাবে খোঁচা খাওয়া বাঘের মতো ঘুরে দাঁড়িয়েছে, তাতে প্রতিপক্ষরা যে কিছুটা হলেও সতর্ক হবে, তা বলাই যায়।
ইতিমধ্যে ইস্টবেঙ্গল এফসি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, জয়ের পর লাল-হলুদ ফুটবলাররা সমর্থকদের অভিবাদন কুড়োচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, 'জ্বলবে আবার মশাল আমার।' ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
জ্বলবে আবার মশাল আমার!????#JoyEastBengal #EBFCNEU pic.twitter.com/Hejmr1v49q
— East Bengal FC (@eastbengal_fc) November 29, 2024
তবে এই সাফল্যের সিংহভাগ কৃতিত্বই যে কোচ অস্কার ব্রুজোঁর, তা সকলেই একবাক্যে স্বীকার করছেন। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এই দলটার মধ্যে জয়ের একটা খিদে তৈরি হয়েছে। নর্থ-ইস্টের বিরুদ্ধেও সেই খিদেটা অনুভব করা যাচ্ছিল।
ম্যাচের ২৩ মিনিটে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের একটি নিখুঁত হেড ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দিয়েছিল। আগামী ম্যাচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। প্লে-অফে উঠতে গেলে বাকি প্রত্যেকটা ম্যাচেই জয় দরকার। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে তারা কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই সকলের নজর থাকবে।