
প্রভসুখন সিং গিল এবং অস্কার ব্রুজোঁ
শেষ আপডেট: 10 November 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৯ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকার কারণে দুটো দলের কাছেই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু, এই ম্যাচে একটি নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইলেন বাংলার ফুটবল সমর্থকরা।
মাত্র ২৭ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার। নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ। কিন্তু, বাকি ম্যাচে লাল-হলুদ ব্রিগেড যেভাবে পারফরম্য়ান্স করল, তা দেখার পর মশালবাহিনী কার্যত উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছে। অনেকেই একবাক্যে স্বীকার করলেন, দলের এই ডিফেন্স বহুকাল দেখতে পাওয়া যায়নি। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে আনোয়ার এবং হিজাজি তো নজর কাড়লেনই, পাশাপাশি দলের গোলরক্ষক প্রভসুখন সিং গিল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন।
ম্যাচের শেষে তিনি বললেন, 'আমি এই ম্যাচের কথা সারা জীবনেও ভুলতে পারব না। ২৮ মিনিটে আমরা ১১ থেকে ৯ জনের দলে নেমে আসি। আইএসএল তো বটেই, বিশ্বের কোনও ফুটবল ম্যাচেই ২৮ মিনিটে ৯ জনের দলে অবনমনের কথা আমি শুনিনি। তার উপর তো মাঠটাও ছোট নয়। এটা যথেষ্ট বড় একটা মাঠ। ফলে এই ম্যাচে আমরা যে পারফরম্যান্স করেছি, তা এককথায় অভাবনীয়।'
এরপর তিনি স্পষ্টই জানিয়ে দেন যে হাফটাইমে অস্কার ব্রুজোঁর পেপটকই ইস্টবেঙ্গলকে লড়াই করার বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। প্রথম তিনটে ম্যাচে হারের হ্যাটট্রিকের পর দলের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। এরপর সেই দায়িত্ব অস্কারের হাতে তুলে দেওয়া হয়। এরপর থেকে গোটা দলের শরীরী ভাষা একেবারে বদলে গিয়েছে।
প্রভসুখন সিং গিল বললেন, 'হাফটাইমেই আমাদের কাছে পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু, যতটা সম্ভব আমরা নিজেদের ইতিবাচক মানসিকতা ধরে রাখার চেষ্টা করেছি। কোচ আমাদের একটাই কথা বলেছিলেন যে লড়াই করতে হবে। সেই কথাটাই আমরা শেষমুহূর্ত পর্যন্ত মেনে চলেছি।'