.jpg)
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি
শেষ আপডেট: 28 November 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো : নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট আটটি ম্য়াচ খেলেছে ইস্টবেঙ্গল এফসি। কিন্তু, এরমধ্যে লাল-হলুদ ব্রিগেড মাত্র দুটো ম্য়াচই জিততে পেরেছে। এই পরিস্থিতিতে শুক্রবারের (২৯ নভেম্বর) লড়াইটা ইস্টবেঙ্গলের কাছে যে একেবারে সহজ হবে না, তা বলাই বাহুল্য।
এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল এফসি-র কোচ অস্কার ব্রুজোঁ কী পরিকল্পনা করছেন, সেদিকে সকলেরই নজর রয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হবে। অস্কার ব্রুজোঁ ইস্টবেঙ্গল দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই লাল-হলুদ ব্রিগেডের শরীরী ভাষা একেবারে বদলে গিয়েছে।
ম্যাচের আগে একটি সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'এই বছর আমাদের আর চারটে ম্য়াচ খেলতে হবে। এরমধ্যে একটাও ম্যাচে আমাদের হারা চলবে না। এরমধ্যে আবার দুটো অ্যাওয়ে ম্যাচও রয়েছে। যদি প্রত্যেকটা ম্য়াচ জিততে পারি, তাহলেই প্রথম ছ'য়ের মধ্যে আমরা উঠে আসতে পারব।' এই পরিস্থিতিতে নর্থ-ইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সামনে যে জয় ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই, তা বলাই বাহুল্য।
কোন ছকে এগোতে চান ব্রুজোঁ? সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন যে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চান তিনি। ম্য়াচের প্রথমার্ধে যদি এগিয়ে থাকা যায়, সেক্ষেত্রে পরেরদিকে ডিফেন্স করে দলের মান বাঁচানো যেতে পারে। তবে আক্রমণে ওঠার আগে তিনি নিজের দূর্গ বাঁচাতে চান।
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ম্যাচের ৯০ মিনিটেই বিপক্ষকে চাপে রাখতে হবে। হাই প্রেসিং বল খেললে ওরাও পালটা লং বল খেলতে চাইবে। তবে আমাদের দলের অবশ্য তাতে কোনও ক্ষতি নেই। দুটো উইংয়ে আমাদের যথেষ্ট গতিশীল ফুটবলার রয়েছে।'
এই ম্যাচে নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ সিং খেলতে পারবেন না। গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের এই দুই ফুটবলার। পাশাপাশি, হেক্টর ইউস্তে খেলবেন কি না, তা নিয়েও বড়সড় সংশয় রয়েছে।
প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, আনোয়ার আলি, হিজাজি মাহের, লালচুনুঙ্গা, শৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, মাদিহ তালাল, পিভি বিষ্ণু, ডেভিড লালনসাঙ্গা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।