
ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্সে খুশি অস্কার
শেষ আপডেট: 29 November 2024 22:07
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে চলতি ইন্ডিয়ান সুপার লিগে জয়লাভ করল ইস্টবেঙ্গল ব্রিগেড। শুক্রবার (২৯ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের গোলে জিতল লাল হলুদ ব্রিগেড। তবে এই সাফল্যের প্রশংসা যে একেবারেই দলের কোচ অস্কার ব্রুজোঁর প্রাপ্য, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
এই ম্যাচ খেলতে নামার আগে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। অন্য়দিকে, নর্থ-ইস্ট ছিল তৃতীয় নম্বরে। সেইদিক থেকে এই জয়টা লাল-হলুদ কোচের কাছে পরম তৃপ্তির। ম্যাচের শেষে তিনি বললেন, 'এই ম্যাচটা জিততে পেরে খুব ভাল লাগছে। তবে আপাতত প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনালের মতো। পরের ম্যাচটাও আমাদের জিততেই হবে।'
নর্থ-ইস্টের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোলটি করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। মাদিহ তালালের ক্রস থেকে একটি অসামান্য হেড করলেন তিনি। আর সঙ্গে সঙ্গে গোটা যুবভারতী স্টেডিয়াম লাল-হলুদ সমর্থকদের গর্জনে কেঁপে ওঠে।
তবে এই ম্যাচে খেলতে পারেননি নন্দকুমার শেখর। তাঁর পরিবর্তে পিভি বিষ্ণু যেভাবে খেললেন, তার প্রশংসাও শোনা গেল অস্কারের কথায়। বললেন, 'গত ম্যাচে আমরা দুটো লাল কার্ড দেখেছিলাম। সেকারণে এই ম্যাচে নন্দ আর মহেশ খেলতে পারেনি। তবে সেই অভাবটা বিষ্ণুর পারফরম্য়ান্সে অনেকটাই ঢাকা পড়েছে।'
এই জয় ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে অবশ্যই কাঙ্খিত ছিল। এতদিন ধরে যে সমালোচনা তাঁদের সহ্য করতে হয়েছে, তার জবাব তাঁরা দিতে পারলেন। যদিও ৮ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্ট টেবিলের শেষ স্থানেই রয়েছে। কিন্তু, এই জয় দলের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।